ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিশরে সাব মেরিন কেবল 'এসই-এমই-ডব্লিওই-৪' আবারও কাটা পড়েছে। তবে এবার সাগরতলে নয়, স্থলভাগেই কাটা পড়েছে এই কেবল।
বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মূল কেবলটি কেটে যায়। এরপর বিকল্প কেবলের মাধ্যমে ইন্টারনেট যোগাযোগ অব্যাহত থাকলেও বিকালের দিকে বিকল্প কেবলটিও কাটা পড়ে।
বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কেবল কাটা পড়ায় ইউরোপ-আমেরিকার সঙ্গে ইন্টারনেট সংযোগ ব্যাহত হচ্ছে। আপাতত কৃত্রিম উপগ্রহের মাধ্যমে সংযোগ অব্যাহত রাখা হচ্ছে।"
তিনি জানান, মিশরের সুয়েজ খাল থেকে আলেকজান্দ্রিয়া পর্যন্ত মরুভূমির মধ্য দিয়ে প্রায় ৩৭৫ কিলোমিটার দীর্ঘ সাবমেরিন কেবল চলে গেছে। সুয়েজ খালে কেবল স্থাপন করতে দেয়া হয়নি বলে মরুভূমির ভেতর দিয়েই কেবল নেয়া হয়েছে। এই ৩৭৫ কিলোমিটার পথের কোথও কেবল কাটা পড়েছে।
মনোয়ার হোসেন বলেন, "একই দিনে দু'বার কেবল কাটা পড়ায় মনে হচ্ছে এটি স্যাবোটাজ। শনিবার সকাল থেকেই মেরামতের কাজ শুরু হয়েছে।"
বিএসসিসিএল জানিয়েছে, সাবমেরিন কেবল কাটা পড়ায় ইউরোপ-আমেরিকার সঙ্গে বাংলাদেশের ইন্টারনেট যোগাযোগের গতি অর্ধেকে নেমে এসেছে। তবে মধপ্রাচ্যসহ পূবের দেশগুলোর সঙ্গে যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
সাবমেরিন কেবল নেটওয়ার্ক এসই-এমই-ডব্লিওই-৪ এর একটি ল্যান্ডিং স্টেশন মিশর এর আলেকজান্দ্রিয়ায় অবস্থিত। বাংলাদেশ ২০০৪ সালে এই নেটওয়ার্কে যুক্ত হয়।
এর আগে গত ৩০ জানুয়ারি ভূ-মধ্যসাগরে এই সাবমেরিন কেবল আরেকবার কাটা পড়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এমএইচবি/২১১১ ঘ.
bdnews24