২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা সংস্কারে বেশ কিছু উদ্যোগ নিচ্ছে সরকার: উপদেষ্টা

জাতীয় বিশ্ববিদ্যালয়কে আরও সক্রিয় করে তোলা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) পুনর্গঠনসহ শিক্ষা ব্যবস্থায় বেশ কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2008, 02:42 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়কে আরও সক্রিয় করে তোলা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) পুনর্গঠনসহ শিক্ষা ব্যবস্থায় বেশ কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্বল্প ও মধ্যমমেয়াদী বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। শনিবার বিকালে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমীতে (নায়েম) এক নীতি নির্ধারণী বিষয়ক মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, "দেশের উচ্চ শিক্ষার ৮০ শতাংশ দায়িত্ব জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওপর। এর কার্যকারিতা বৃদ্ধির জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি করা হবে।" প্রস্তাবিত বেসরকারি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের আগামী বৈঠকে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি। হোসেন জিল্লুর জানান, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদ নিয়েও অনেক সমস্যা আছে। এর আইনি কাঠামো নিয়ে ভাবনাচিন্তার অবকাশ রয়েছে। এ ব্যাপারে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কাজ চলছে। মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা, পাঠদানের অনুমতি, একাডেমিক স্বীকৃতি, অতিরিক্ত বিষয় খোলার ক্ষেত্রে প্রচলিত নীতিমালাও পর্যালোচনা করা হবে বলে উপদেষ্টা জানান। তিনি বলেন, নভেম্বরে শিক্ষাসহ তিনটি বিষয়ের ওপর তিনটি নীতি নির্ধারণী সম্মেলন হবে। এসব সম্মেলনে রাজনৈতিক দলের নেতারাও থাকবেন। নায়েমের নীতি নির্ধারণী সভায় শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ ও অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম স্থায়ী শিক্ষা কমিশন গঠনের দাবি জানান। সর্বশেষ শিক্ষা কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মনিরুজ্জামান মিঞা এ দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, "শিক্ষার জন্য একটি স্থায়ী কমিশন থাকা উচিত।" অধ্যাপক জাফর ইকবাল বলেন, "গাইড বা নোট বই একেবারেই বন্ধ করে দেয়া দরকার। দুই মাসের মধ্যে তা করা সম্ভব। এটা না হলে সৃজনশীল প্রশ্নপদ্ধতি পুরোপুরি ব্যর্থ হবে।" অন্যান্যের মধ্যে শিক্ষা সচিব মোমতাজুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোফাখখারুল ইসলাম, অতিরিক্ত শিক্ষা সচিব মোজাম্মেল হক খানসহ শিক্ষা মন্ত্রণালয় ও দপ্তরগুলোর কর্মকর্তারা এ সভায় অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/এমএ/জেকে/এমএইচবি/২০৩৪ ঘ.