ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার সাংবাদিকদের দুটি সংগঠন আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি বলেন, "রমজান মাস, ইফতার করতে এসেছি। দেশবাসীকে ইদের শুভেচ্ছা জানাচ্ছি। এবার পরিবারের সদস্যরা কেউ দেশে নেই। দেশের মানুষের সঙ্গেই ঈদ উদযাপন করব।"
কারামুক্তির পর খালেদা জিয়া এই প্রথম কোনো ইফতার অনুষ্ঠানে যোগ দিলেন। চারদলীয় জোটের শরিক দলগুলোর নেতারাও তার সঙ্গে ছিলেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ ইফতারের আয়োজন করে।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শওকত মাহমুদ, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সবুজ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব রুহুল আমিন গাজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস শহীদ, সাংবাদিক আতাউস সামাদ, গিয়াস কামাল চৌধুরী, এলাহী নেওয়াজ খান ও রিয়াজ উদ্দিন আহমেদসহ জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে খালেদা জিয়া ইফতারে অংশ নেন।
অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম এ ফয়েজ, উপ-উপাচার্য অধ্যাপক ইউসুফ হায়দার, বিভিন্ন দৈনিকের সম্পাদক, বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলাম, অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, যুব দল সভাপতি বকরত উল্লাহ বুলু, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, সাবেক সাংসদ মঞ্জুর কাদের, আক্তারুজ্জামান, শিরিন সুলতানা, হেলেন জেরিন খান, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, মহানগর আমীর রফিকুল ইসলাম খান, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান, মহাসচিব শামীম আল মামুন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক আহমেদ আবদুল কাদের, জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রধান শফিউল আলম প্রধানসহ চার দলীয় জোটের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে খালেদা জিয়া প্রেস ক্লাবের সাংবাদিক লাউঞ্জে এসে সাংবাদিকদের সঙ্গে চা পান করেন।
তিনি জানান, ঈদের দিন সকাল ১১টায় ইস্কাটনের লেডিস ক্লাবে তিনি সব শ্রেণী পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
ইফতাদের পরে খালেদা জিয়া শেরেবাংলা নগরে গিয়ে তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। মহাসচিবসহ দলের নেতাকর্মীরা সময় তার সঙ্গে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমএইচবি/২০০৪ ঘ.
bdnews24