ভোলা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০ দিন বন্ধ থাকার পর ভোলা-লক্ষ্মীপুর নৌপথে শনিবার আবার ফেরি চলাচল শুরু হয়েছে।
মেঘনার বঙ্গেরচর চ্যানেলের নাব্যতা হ্রাস ও ডুবোচরের কারণে গত ৬ সেপ্টেম্বর ভোলার ইলিশা ঘাট থেকে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাটের মধ্যে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপ-পরিচালক শাহ আলম সাংবাদিকদের জানান, তার নেতৃত্বে তিন সদস্যের একটি দল ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ইলিশা-মজুচৌধুরীরহাট নৌপথ জরিপ করে জোয়ারের সময় ফেরি চলার পক্ষে মত দেন।
এর পরিপ্রেক্ষিতে শনিবার সকালে কেতকী নামের একটি ফেরি লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট থেকে ইলিশায় আসে।
উপ-পরিচালক শাহ আলম জানান, ড্রেজিং না করা পর্যন্ত মেঘনার বঙ্গেরচর ও রামদাসপুর চ্যানেল দুটি দিয়ে কেবল জোয়ারের সময় ফেরি চলতে পারবে বলে তারা মনে করছেন।
তিনি বলেন, তবে একটি ফেরি ১৫ দিন পরীক্ষামূলকভাবে চালানোর পর যদি দেখা যায় জোয়ার ছাড়াও ফেরি চালানো যাচ্ছে তাহলে এ রুটে ফেরি চলাচলের নিয়মিত সময়সূচি নির্ধারণ করা হবে।
ভোলাসহ ওই অঞ্চলের সঙ্গে চট্টগ্রাম, সিলেটের যোগাযোগ সহজ করার লক্ষ্যে চলতি বছর ২৭ ফেব্র"য়ারি ভোলার ইলিশা থেকে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট নৌপথে ফেরি সার্ভিস চালু করা হয়। এ পথে কিশোরী, কামিনী ও কেতকী নামের তিনটি ফেরি যাতায়াত করতো। ৬ সেপ্টেম্বর ফেরি চলাচল বন্ধ করে দেওয়ার পর কিশোরী ও কামিনী নামের ফেরি দুটি মাওয়া ঘাটে সরিয়ে নেয় বিআইডব্লিউটিএ।
ভোলা-লক্ষ্মীপুর নৌপথে এ দুটি ফেরি আবার যোগ করা হবে কিনা জানতে চাইলে বিআইডব্লিউটিএ কর্মকর্তা শাহ আলম বলেন, এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪০ ঘ.
bdnews24