ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ তৈরি হলেই নির্বাচনে অংশ নেবে বিএনপি। দলের যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান দলীয় নেতাকর্মীদের এই তথ্য জানিয়ে নির্বাচনকে সামনে রেখে দলের ঐক্য সুসংহত করার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার এক ইফতার অনুষ্ঠানে তিনি বলেছেন, পরিবেশ তৈরি হলেই খালেদা জিয়ার নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি।
রাজধানীর আগারগাঁও কমিউনিটি সেন্টারে ৪০ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
নজরুল ইসলাম খান বলেন, ''বিএনপি একটি নির্বাচনমুখী দল। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলে খালেদা জিয়ার নেতৃত্বে এবং জোটগতভাবে আমরা নির্বাচন করব।"
তিনি যেকোনো অশুভ শক্তির বিরুদ্ধে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন।
একইসঙ্গে কারাগারে বন্দি বিএনপির নেতা-কর্মীদের ঈদের আগেই মুক্তি দেয়ার দাবিও জানান।
ইফতার মাহফিলে ৪০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ আলম, ওয়ার্ড কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার, জালাল আহমেদ, সাবেক ছাত্র দল নেতা শামসুজ্জামান মেহেদি, ওয়ার্ড বিএনপির মোহাম্মদ আলী, জামাল উদ্দিন ভূঁইয়া, জিএম হোসেন মুন্নু, হাফিজুর রহমান, নাইমুর রহমান নাইম, আব্বাস আলী, জিয়া পরিষদের একে আজাদ, মোস্তফা মন্টু প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/১৯১৮ ঘ.
bdnews24