ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘুষ নেওয়ার সময় লালমনিরহাট ও দিনাজপুরে দুই সহকারী ভূমি কর্মকর্তাকে বৃহস্পতিবার সকালে আটক করেছেন দুর্নীতি দমন কমিশন-দুদক কর্মকর্তারা।
লালমনিরহাট প্রতিনিধি জানান, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মো. নুর ইসলামকে সকালে ঘুষ নেওয়ার সময় দুদক কর্মকর্তারা আটক করেন ।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, নুর ইসলামের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাকে আদালতের মধ্যে জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি জানান, কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মো. নুর ইসলাম জমি সংক্রান্ত একটি প্রতিবেদন দেওয়ার জন্য একই উপজেলার কাশীরাম গ্রামের আমেনা শিরিন মোস্তাফিজের কাছে সাত হাজার টাকা ঘুষ চান।
আমেনা শিরিন দুদক এর রংপুর অঞ্চলের উপ-পরিচালক আকতার হোসেনকে বিষয়টি জানান। দুদক কর্মকর্তাদের পরামর্শে আমেনা বৃহস্পতিবার সকালে নুর ইসলামকে ঘুষের দুই হাজার টাকা দিতে তার কার্যালয়ে যান। টাকা নেওয়ার সময় নুর ইসলামকে আটক করেন দুদক কর্মকর্তারা।
দিনাজপুর প্রতিনিধি জানান, ঘুষ নেওয়ার সময় সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা ফারুকুল ইসলামকে সকালে আটক করেছেন দুদক।
দুদক দিনাজপুর কার্যালয়ের উপ-পরিচালক কামরুল আহসান জানান, ফারুকুল ইসলাম জমির মালিকানার নাম পরিবর্তনের জন্য আব্দুল লতিফ সরকার নামে একজনের কাছে ৫ হাজার টাকা ঘুষ চান। আব্দুল লতিফ বিষয়টি তাদের জানান।
দুদকের পরামর্শ অনুযায়ী সকাল সাড়ে ১০টার দিকে আবদুল লতিফ ২ হাজার টাকা ঘুষ দিতে ফারুকুল ইসলামের কার্যালয়ে যান। ঘুষ নেওয়ার সময় ফারুকুল ইসলামকে হাতেনাতে আটক করেন দুদক কর্মকর্তারা।
দুদক কর্মকর্তা জানান, ফারুকুল ইসলামকে কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২১৪৯ ঘ.
bdnews24