২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব ও পুলিশের 'ক্রসফায়ারে' তিন জন নিহত

ফরিদপুর ও ঝিনাইদহে র‌্যাব ও পুলিশের 'ক্রসফায়ারে' তিন জন নিহত হয়েছে। ফরিদপুরে নিহত দুই জন তালিকাভুক্ত সন্ত্রাসী এবং ঝিনাইদহে নিহত ব্যক্তি 'চরমপন্থী' দলের সদস্য বলে নিরাপত্তা বাহিনী দুটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2008, 07:11 AM

Updated : 26 Aug 2022, 02:26 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর ও ঝিনাইদহে র‌্যাব ও পুলিশের 'ক্রসফায়ারে' তিন জন নিহত হয়েছে। ফরিদপুরে নিহত দুই জন তালিকাভুক্ত সন্ত্রাসী এবং ঝিনাইদহে নিহত ব্যক্তি 'চরমপন্থী' দলের সদস্য বলে নিরাপত্তা বাহিনী দুটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ফরিদপুর প্রতিনিধি জানান, জেলা শহরের ডোমরাকান্দি এলাকায় বৃহস্পতিবার ভোরে র‌্যাবের 'ক্রসফায়ারে' দুই জন নিহত হয়। এরা হলেন- শহরের আলীপুর এলাকার বাবু কসাই এবং জাহাঙ্গীর। র‌্যাব-৮ এর অধিনায়ক মেজর শাহরিয়ার ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডোমরাকান্দি এলাকায় খানপুরা টেক্সটাইল মিলের পরিত্যক্ত ভবনে বাবু ও জাহাঙ্গীরের নেতৃত্বাধীন দুটি সন্ত্রাসী দলের বৈঠকের খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। তিনি বলেন, "সন্ত্রাসীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে শুরু করলে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে গুলিবিদ্ধ বাবু কসাই ও গালকাটা জাহাঙ্গীরের লাশ ফেলে তাদের সহযোগীরা পালিয়ে যায়।" ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তল, একটি রিভলবার, ছয় রাউন্ড গুলি, একটি পাইপগান এবং চারটি কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে র‌্যাবের ওই কর্মকর্তা জানান। এ ঘটনায় র‌্যাব কোতোয়ালি থানায় একটি মামলা করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ারেছ আলী জানান, বাবুর বিরুদ্ধে আটটি এবং জাহাঙ্গীরের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। ঝিনাইদহ প্রতিনিধি জানান, সদর উপজেলার চরমুরারিদহ গ্রামের ইট ভাটার পাশে বৃহস্পতিবার ভোররাতে পুলিশের 'ক্রসফায়ারে' নিহত হয় রাজু ওরফে রজত (৪০) নামে এক ব্যক্তি। তার বাড়ি মাগুরার চাঁদপুর গ্রামে। রাজু পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনয্দ্ধু) সদস্য ছিল বলে পুলিশ জানিয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, বুধবার বিকালে শহরের চাকলাপাড়ার একটি বাড়ি থেকে রাজুকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে রাতে অস্ত্র উদ্ধারে নামে পুলিশ। তিনি বলেন, "রাত ৩টার দিকে রাজুকে নিয়ে পুলিশের দলটি চর মুরারিদহ গ্রামের ইটভাটার কাছে গেলে ওঁৎ পেতে থাকা চরমপন্থীরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। ওই সময় পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয় রাজু।" রাজুকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জানান, রাজু মৃত। ঘটনাস্থল থেকে দুটি শাটার গান ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/কিউএইচ/এমআই/১৩০০ ঘ.