ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনা অনুমতিতে টেলুলার ও বেতার যন্ত্রপাতি রাখার মামলায় 'ইয়াবা ব্যবসায়ী' আমিন হুদার বিরুদ্ধে বুধবার অভিযোগ গঠন করেছে আদালত।
দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ মো. আজিজুল হক বাংলাদেশ টেলিযোগাযোগ আইনে এই অভিযোগ গঠন করেন।
আমিন হুদার আইনজীবী মো. বোরহান উদ্দিন জানান, এ মামলায় সাক্ষ্য নেয়ার জন্য আগামী ২৩ অক্টোবর দিন রাখা হয়েছে।
গত বছরের ২৪ অক্টোবর আমিন হুদাকে গুলশানে তার প্রতিষ্ঠান মাল্টিকেয়ার টেকনোলজি লি. এর কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়। তার বাসা ও অফিস থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, মদ ও ফেন্সিডিল এবং টেলুলার ও বেতার যন্ত্রপাতি উদ্ধার করে র্যাব। আমিন হুদা এসব যন্ত্রপাতির বৈধ কাগজপত্র দেখাতে পারেন নি।
এ ঘটনায় ২৬ অক্টোবর আমিন হুদার বিরুদ্ধে গুলশান থানায় মাদক আইনে দুটি এবং বিনা অনুমতিতে টেলুলার ও বেতার যন্ত্রপাতি রাখার অভিযোগে একটি মামলা হয়। মাদক আইনের দুই মামলাতেও তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমএআর/জেকে/২২০৩ ঘ.
bdnews24