বগুড়া, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাল পচা হওয়ায় বুধবার বগুড়া সদর উপজেলার ১৮ হাজার ভিজিএফ কার্ডধারীরা চাল পাননি। খালি হাতেই তাদের ফিরে যেতে হয়েছে।
তবে চাল পচা থাকার অভিযোগ কথা সরাসরি অস্বীকার না করে তা বদলে দেবেন বলে জাানিয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদার। জেলা প্রশাসক জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বুধবার সদর উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যানরা পচা চাল পাওয়ার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফিয়া বেগমকে জানান। বৃহস্পতিবার চাল বিতরণের শেষ দন হওয়ায় ইউএনও ভালো চালগুলো বিতরণের জন্য চেয়ারম্যানদের অনুরোধ জানান।
ফাঁপড় ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও এরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদর উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় ১৮ হাজার ভিজিএফ কার্ডধারীদের চাল দেওয়ার জন্য তারা ২৭০ টন চাল পান। বুধবার তারা চাল দিতে গিয়ে দেখেন চাল দুর্গন্ধযুক্ত ও নিম্নমানের। তখন চাল বিতরণ বন্ধ রেখে ইউএনওকে চালের নমুনা দেখান। ইউএনও চাল দেওয়া বন্ধ রাখতে বললে লোকজন চাল না নিয়েই বাড়ি ফিরে যায়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে চাল সরবরাহকারী ঠিকাদার সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চাল নিম্নমানের ও নরম হতে পারে। তবে দুর্গন্ধযুক্ত নয়।"
নিম্নমানের চাল বদলে দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, "চালগুলো বাইরে থেকে কিনে তিন দিন আগে সরবরাহ করা হয়েছে এবং কর্তৃপক্ষ তা বুঝে নিয়েছে। এখন বলছে খারাপ। তারপরও খারাপ থাকলে তা বদলে দেওয়া হবে।"
ইউএনও সাফিনা বেগম বলেন, "চাল সরবরাহকারী খারাপ চালগুলো বদলে দেবে বলে কথা দিয়েছে।"
জেলা প্রশাসক হুমায়ুন কবির বলেন, "নিম্নমানের চালের বিষয়টি খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে জানানো হয়েছে। এ বিষয়ে তারা ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/২০২৫ ঘ.
bdnews24