২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় নির্বাচনের জন্য স্বচ্ছ ব্যালট বাক্সের বণ্টন শুরু

জাতীয় নির্বাচনের জন্য আনা বহুল আলোচিত স্বচ্ছ ব্যালট বাক্সের বণ্টন শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার নরসিংদী, শরীয়তপুর, মানিকগঞ্জ, গাজীপুর ও মুন্সীগঞ্জ জেলায় প্রায় ১৭ হাজার বাক্স পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে এসব বাক্স ব্যবহার করা হবে। তবে ২৪ ও ২৮ ডিসেম্বর উপজেলা নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হবে না। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2008, 01:52 PM

Updated : 26 Aug 2022, 02:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নির্বাচনের জন্য আনা বহুল আলোচিত স্বচ্ছ ব্যালট বাক্সের বণ্টন শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার বিকালে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, "১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে এসব বাক্স ব্যবহার করা হবে। তবে ২৪ ও ২৮ ডিসেম্বর উপজেলা নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হবে না।" এর আগে দুপুরে ইসির যুগ্ম সচিব রফিকুল ইসলাম জানান, স্বচ্ছ ব্যালট বাক্সের প্রথম চালানটি ডেনমার্ক থেকে চট্টগ্রাম বন্দরে আসার পর গত সোমবার ঢাকা পৌঁছে। বুধবার কমলাপুর ইনল্যান্ড কনটেইনার ডিপো থেকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে নরসিংদী, শরীয়তপুর, মানিকগঞ্জ, গাজীপুর ও মুন্সীগঞ্জ জেলায় প্রায় ১৭ হাজার বাক্স পাঠানো হয়েছে। রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রথম চালানে ৩৫ হাজার ৬৪০টি বাক্স এসেছে। সকালে প্রায় ১৭ হাজার বাক্স ঢাকার আঞ্চলিক অফিসের (উপ নির্বাচন কমিশনার) মাধ্যমে পাঁচ জেলায় পাঠানো হয়েছে। বাকিগুলো বৃহস্পতিবার পাঠানো হবে।" আগামী অক্টোবরের মধ্যে মোট ২ লাখ ৩৭ হাজার ৫০০ স্বচ্ছ ব্যালট বাক্স কমিশনের হাতে আসার কথা। উপজেলা নির্বাচনে স্বচ্ছ বাক্স ব্যবহার না করার কারণ ব্যাখ্যা করে এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, "জাতীয় সংসদ নির্বাচনের পর স্বল্প সময়ের ব্যবধানে স্বচ্ছ ব্যালট বাক্স পুনঃপরীক্ষা করা ও উপজেলার ভোটকেন্দ্রগুলোয় তা পাঠানো কঠিন হয়ে পড়বে। তাছাড়া বাক্সের সঙ্গে যেসব সিল আসছে তাও একবারই ব্যবহার করা যায়। পরবর্তী নির্বাচনের জন্য আবার সিল আনতে হবে।" নির্বাচনে কারচুপি ও জালভোট রোধে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের উদ্যোগ দেশে এবারই প্রথম। দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের পক্ষ থেকে এ ধরনের বাক্স ব্যবহারের দাবি উঠে আসছিল। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দফা সংলাপ শেষে নির্বাচন কমিশন সংসদ নির্বাচনের জন্য স্বচ্ছ ব্যালট বাক্স সংগ্রহের প্রক্রিয়া শুরু করে। এ লক্ষ্যে গত জুনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) উদ্যোগে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির মধ্যে ৪৫ কোটি ৩৭ লাখ টাকার একটি চুক্তি হয়। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও বাংলাদেশ সরকারের এই যৌথ প্রকল্পে অর্থ সহায়তা দিচ্ছে কানাডিয়ান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি (সিডা)। ২০০৭ সালের ২২ জানুয়ারির বাতিল হওয়া সংসদ নির্বাচনে সারাদেশে ৩৩ হাজার ৩১৮টি ভোটকেন্দ্রে ১ লাখ ৭৮ হাজার ৫১টি ভোটকক্ষে (পোলিং বুথ) ভোট নেয়ার জন্য বরাদ্দকৃত ব্যালট বাক্সের সংখ্যা ছিল ২ লাখ ১১ হাজার ৩৬৯টি। এ হিসাব বিবেচনায় রেখে এবার জাতীয় নির্বাচনের জন্য স্বচ্ছ ব্যালট বাক্সের সম্ভাব্য চাহিদা ধরা হয়েছে ২ লাখ ৪০ হাজার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/এসকে/জেকে/১৯৪২ ঘ.