২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুদামে না নেওয়ায় রংপুরে ২৮ টন চাল বৃষ্টিতে নষ্ট

কর্তৃপক্ষ গুদামে না তোলায় পীরগঞ্জ উপজেলায় বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে ২৮ টন চাল। চালকল মালিকদের অভিযোগ, ঘুষ দিতে রাজি না হওয়ায় উপজেলা খাদ্য গুদামে চাল তোলা হয়নি। এ ঘটনায় গুদামের কর্মকর্তা শওকত আলী খন্দকারের শাস্তি দাবি করেছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2008, 04:43 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

রংপুর, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্তৃপক্ষ গুদামে না তোলায় পীরগঞ্জ উপজেলায় বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে ২৮ টন চাল। চালকল মালিকদের অভিযোগ, ঘুষ দিতে রাজি না হওয়ায় উপজেলা খাদ্য গুদামে চাল তোলা হয়নি। এ ঘটনায় গুদামের কর্মকর্তা শওকত আলী খন্দকারের শাস্তি দাবি করেছেন তারা। আল আমীন চালকলের মালিক আকমল হোসেন জানান, কয়েকটি চালকলের ২৮ টন চাল নিয়ে তারা সকালে পীরগঞ্জ খাদ্য গুদামে যান। কিন্তু শওকত আলী খন্দকার প্রতিবস্তা চালের জন্য ৩০ টাকা করে ঘুষ দাবি করেন। এই নিয়ে চালকল মালিকদের সঙ্গে শওকত আলীর বাগবিতণ্ডা হয়। আকমল জানান, গুদামে চাল না নেয়ায় তারা সকাল থেকে বিকেল পর্যন্ত গুদামের বাইরে অপেক্ষা করেন। বিকেলের দিকে মুষলধারে বৃষ্টি শুরু হলে ২৮ টন চাল সম্পূর্ণ ভিজে যায়। এরপর গুদাম কর্মকর্তা জানান, চাল ভিজে নষ্ট হয়ে গেছে। ওই চাল গুদামে নেওয়া যাবে না। রাগিব চালকলের ম্যানেজার নুরুল ইসলাম সরদার বলেন, "আমার কাছেও গুদাম কর্মকর্তা বস্তা প্রতি ৩০ টাকা দাবি করেছে। টাকা দেইনি বলে সে চালও গ্রহণ করেনি।" নুরুল ইসলাম জানান, আল আমিন চালকলের ৮৭ বস্তা, মাহমুদ চালকলের ৮০ বস্তা, রাগিব চালকলের ৮০ বস্তা ও ভাই ভাই চালকলের ৮০ বস্তা চাল বৃষ্টিতে ভিজে নষ্ট হয়েছে। এই ৩২৭ বস্তায় মোট ২৮ টন চাল ছিল। এ ব্যাপারে খাদ্য গুদাম কর্মকর্তা শওকত আলী খন্দকার ঘুষ চাওয়ার কথা অস্বীকার করে বলেন, "গুদামে জায়গা ছিল না, তাই চাল নেওয়া যাচ্ছিল না।" অন্যদিকে চালকল মালিকরা বলছেন, গুদামে পর্যাপ্ত জায়গা ছিল বলেই তিনি চালকলগুলোকে তিনি চাল আনতে বলেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/এমএইচবি/২২৩৩ ঘ.