ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে পর্যবেক্ষক দল পাঠাতে রাজি করাতে ইউরোপীয় কমিশনের (ইসি) পররাষ্ট্র বিষয়ক কমিশনার বেটিনা ফেরেরো-ওয়াল্ডনারের সঙ্গে নিউ ইয়র্কে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী।
মঙ্গলবার সকালে নিউ ইয়র্ক থেকে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে উপদেষ্টা এ কথা বলেন।
এদিকে ঢাকায় ইউরোপীয় কমিশনের দূতাবাস বলছে, বেনিটা ও ইফতেখারের মধ্যে 'গঠনমূলক' আলোচনা হয়েছে।
জরুরি অবস্থার মধ্যে নির্বাচন হলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সাধারণত কোনো দেশে পর্যবেক্ষক দল পাঠায় না। এ জন্যই ইসি কমিশনারের সঙ্গে উপদেষ্টার এই বৈঠক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে উপদেষ্টা বলেন, "আগামী ১৮ ডিসেম্বর জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা এবং নির্বাচনী রোডম্যাপ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে আমি তাকে (ইসি কমিশনার) বিস্তারিত জানিয়েছি।"
তিনি বলেন, "জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইসির পর্যবেক্ষক দল পাঠানোর সম্ভাবনা নিয়েও আমরা আলোচনা করেছি। অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনে জরুরি অবস্থা শিথিল করার যে ঘোষণা প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণে দিয়েছেন, সে বিষয়টিও আমি ব্যাখ্যা করেছি।"
ঢাকায় ইউরোপীয় কমিশনের ফার্স্ট সেক্রেটারি চার্লস হুইটলি মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তাদের মধ্যে (রেনিটা-ইফতেখার) খুবই গঠনমূলক আলোচনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। উপদেষ্টা নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কমিশনারের সঙ্গে আলোচনা করেছেন।"
বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়ে ইসি কমিশনার অক্টোবরের মাঝামাঝি সিদ্ধান্ত নেবেন বলেও হুইটলি জানান।
পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতির জন্য ইসির কমপক্ষে ছয় সপ্তাহ সময় প্রয়োজন বলেও জানান তিনি।
বাংলাদেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ইসি'র একটি প্রতিনিধি দল গত ১৫ জুন এ দেশের আসে। এক সপ্তাহের সফরে প্রতিনিধি দলের সদস্যরা সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, নির্বাচন কমিশন, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে আলোচনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএফ/জেকে/এমএইচবি/২০০৩ ঘ.
bdnews24