২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কনডেনসেট রপ্তানির অনুমতি দিয়েছে সরকার

প্রাকৃতিক গ্যাস থেকে উপজাত হিসাবে পাওয়া কনডেনসেট রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। প্রক্রিয়াজাতকরণের সুবিধা না থাকায় মজুদ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2008, 01:21 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রাকৃতিক গ্যাস থেকে উপজাত হিসাবে পাওয়া কনডেনসেট রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। প্রক্রিয়াজাতকরণের সুবিধা না থাকায় মজুদ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রপ্তানি নীতি ২০০৬-০৯ এ উল্লেখ করা রপ্তানিনিষিদ্ধ পণ্য তালিকা সংশোধন করে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ আদেশে রপ্তানিনিষিদ্ধ পণ্যের তালিকায় থাকা ন্যাপথা, ফার্নেস অয়েল, লুব্রিক্যান্ট অয়েল, বিটুমিন ও প্রাকৃতিক গ্যাস উদ্ভূত কনডেনসেট ছাড়া পেট্রোলিয়াম ও পেট্রোলিয়ামজাত পণ্যের নাম উল্লেখ করা হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমানে অতিরিক্ত মজুদ থাকার কারণে রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছরের মার্চ থেকে রশিদপুরে একটি প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট চালু হবে। এটি চালু হলে আর রপ্তানি করতে হবে না। কনডেনসেট প্রক্রিয়াজাত করে ডিজেল ও তরল প্রাকৃতিক গ্যাস উৎপাদন করা হয়। মন্ত্রণালয় জানিয়েছে, দরপত্রের মাধ্যমে প্রতি ব্যারেল কনডেনসেট ১০০ ডলারের বেশি দামে বিক্রি করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/১৮৪১ঘ.