চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একে-৪৭ রাইফেল ও গুলি রাখার দায়ে চট্টগ্রামের ইসলামী ছাত্র শিবির কর্মী দুলাল উদ্দিন ওরফে মুন্নাকে ২৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মজনুল আহসান এ রায় দেন। এ সময় মুন্না আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুলি রাখার দায়ে মুন্নাকে ১২ বছর এবং একটি একে-৪৭ রাইফেল রাখার দায়ে আরো ১২ বছর দণ্ড দেয়া হয়েছে। উভয় সাজা একইসঙ্গে কার্যকর হবে।
২০০৫ সালের ১০ জুন মুন্নাকে ফটিকছড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হাটহাজারী উপজেলার মন্দাকীনি গ্রামের আবদুল লতিফ চেয়ারম্যানের পুকুর পাড় থেকে মাটি খুঁড়ে একটি একে-৪৭ রাইফেল এবং ১২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় হাটহাজারী থানায় মামলা করে পুলিশ।
২০০৫ সালের ২৫ জুন পুলিশ মুন্নার বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। একই বছর ৬ আগস্ট আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে।
এনামুল হক জানান, দুলাল উদ্দিন মুন্না চট্টগ্রামের শিবির নেতা নাছিরের ঘনিষ্ঠ সহযোগী। তার বিরুদ্ধে আরও দুটি মামলা বিচারাধীন।
বিডিনিউজ পেটায়েন্টিফোর ডটকম/এমসি/টিএইচ/জেকে/১৭৪৭ ঘ.
bdnews24