২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ সংস্কার: অভিযোগের পর আইজিপি'র কন্ঠে হতাশা

সংস্কারের লক্ষে প্রস্তাবিত পুলিশ অধ্যাদেশ নিয়ে অভিযোগের পর এবার হতাশা ব্যক্ত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ। সোমবার তিনি অভিযোগ করেন কারো কারো স্বার্থে আঘাত লাগার আশঙ্কায় এই অধ্যাদেশ অনুমোদন হচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2008, 09:08 AM

Updated : 26 Aug 2022, 02:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংস্কারের লক্ষে প্রস্তাবিত পুলিশ অধ্যাদেশ নিয়ে অভিযোগের পর এবার হতাশা ব্যক্ত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ। সোমবার তিনি অভিযোগ করেন কারো কারো স্বার্থে আঘাত লাগার আশঙ্কায় এই অধ্যাদেশ অনুমোদন হচ্ছে না। এর একদিন বাদে মঙ্গলবার আইজিপি বলেন, তার অবস্থান থেকে আশা প্রকাশ করা ছাড়া আর কিছুই করার নেই। মঙ্গলবার রাজধানীর মিরপুরে নতুন 'দারুস সালাম' থানা উদ্বোধন শেষে পুলিশ সংস্কার নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি নূর মোহাম্মদ বলেন, "এটি একটি চলমান প্রক্রিয়া, এর কাজ চলছে। তবে আমি আশাবাদি। আমার অবস্থান থেকে এই আশাবাদ ব্যক্ত করা ছাড়া আর কিছুই বলার নেই।" প্রস্তাবিত পুলিশ অধ্যাদেশে পুলিশকে রাজনীতির প্রভাবমুক্ত রাখার কথা বলা হয়েছে। এতে বলা হয়, "মন্ত্রী, সাংসদসহ প্রভাবশালী ব্যক্তি যিনি পুলিশের স্বাভাবিক কাজে প্রভাব সৃষ্টি করবেন কিংবা তদবির ও হস্তক্ষেপ করবেন তাকে এক থেকে তিন লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড এবং জাতীয় পুলিশ কমিশনে তদন্ত ও বিচারের সম্মুখীন হতে হবে। যার জন্য তদবির করা হবে তাকেও একই অর্থদণ্ড, চাকরিচ্যুত ও পদাবনতি মাথা পেতে নিতে হবে।" কাঠামো সংস্কারের সুপারিশ করে বলা হয়েছে, পুলিশের মহাপরিদর্শকের পদ হবে পাঁচটি। পুলিশ প্রধানের পদের নতুন নাম হবে চিফ অব পুলিশ। সুপারিশ বাস্তবায়ন হলে পুলিশ বিভাগের আদল অনেকটাই বদলে যাবে। এতে ১১ সদস্যের জাতীয় পুলিশ কমিশন, পাঁচ সদস্যের স্বাধীন পুলিশ অভিযোগ কর্তৃপক্ষ ও অভিযুক্ত পুলিশ সদস্যকে দ্র"ত সাজা দেওয়ার জন্য পুলিশ ট্রাইব্যুনাল গঠনেরও সুপারিশ করা হয়েছে। প্রস্তাবে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে শাস্তির বিধান রাখারও সুপারিশ করা হয়েছে। পুলিশ সংস্কার কর্মসূচি (পিআরপি) এসব সুপারিশ করে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে সকালে দারুস সালাম থানার উদ্বোধন করেন আইজিপি। মিরপুর থানার ৯,১০ ও ১১ নম্বর ওয়ার্ড নিয়ে গঠন করা হয়েছে দারুস সালাম থানা। শহীদ বুদ্ধিজীবি মাজারের ঠিক পেছনে এই থানা ভবন। । উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ কমিশনার নাইম আহমেদ ও উপ কমিশনার আনোয়ার হোসেন। এতে আইজিপি বলেন, "সেবার মান ভালো করার জন্য জনগণের কাছাকাছি থাকার জন্য এই থানা গঠন করা হয়েছে। এখন প্রয়োজন এলাকার মানুষের সহযোগিতা। তাদের সহযোগিতা ছাড়া পুলিশ কাজ করতে পারবে না।" নূর মোহাম্মদ নতুন গঠিত এই থানা এলাকাকে 'মাদকপ্রবণ' আখ্যা দিয়ে বলেন, "এজন্য প্রয়োজন জনসচেতনতা। কমিউনিটি পুলিশের মাধ্যমে নিজেদের পুলিশিং নিজেরাই করতে হবে।" তিনি জানান, পুলিশের মানসিকতা পরিবর্তন করার জন্য ওপেন হাউস ডে ও সার্ভিস ডেলিভারি অফিসার পদ্ধতি গুলো চালু করা হয়েছে। তিনি বলেন,"এখন থেকে আর গণ গ্রেপ্তার করা হবেনা। যারা সুর্নির্দিষ্ট কারণ ছাড়াই গ্রেপ্তার করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" পরে আইজিপি শ্যামপুরে কদমতলী থানার উদ্বোধন করতে চলে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএলএইচ/এএল/জিএনএ/১৪৫৫ ঘ.