ভোলা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলার মনপুরা উপজেলায় গৃহবধূ হত্যার দায়ে স্বামী বরুন চন্দ্র দাস ও তার পরিবারের তিন সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার ভোলা জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইদ্রিস আলম এ রায় দেন।
দণ্ডিত অপর তিনজন হলেন- নিতাই চন্দ্র দাস, দুলু রানী দাস ও রমেশ চন্দ্র দাস। আসামিদের সবাই বর্তমানে পলাতক।
২০০৬ সালের ২ জুন যৌতুকের জন্য মনপুরা উপজেলার সীতাকুণ্ড গ্রামের গৃহবধু শিমুল রানীকে পিটিয়ে হত্যা করেন বরুন চন্দ্র ও তার পরিবারের সদস্যরা।
এ ঘটনায় শিমুলের ভাই সঞ্জয় কুমার দাস বরুনসহ এ চারজনের বিরুদ্ধে মনপুরা থানায় মামলা করেন।
মামলার ১৪ সাক্ষীর সাক্ষ্য নেওয়ার পর আদালত এ রায় দিয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম।
তিনি জানান, দণ্ডিতরা একই পরিবারের সদস্য। তবে তাদের পরস্পরের সম্পর্কের বিষয়টি তিনি জানাতে পারেননি।
আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আলাউদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩১ ঘ.
bdnews24