২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৪ অক্টোবর থেকে রাজধানীতে মান নিয়ন্ত্রণ সম্মেলন

রাজধানীতে আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হবে আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ সার্কেল সম্মেলন (আইসিকিউসিসি) ২০০৮। ১৪টি দেশের প্রায় এক হাজার প্রতিনিধি তিন দিনের এ সম্মেলনে যোগ দেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2008, 01:11 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হবে আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ সার্কেল সম্মেলন (আইসিকিউসিসি) ২০০৮। ১৪টি দেশের প্রায় এক হাজার প্রতিনিধি তিন দিনের এ সম্মেলনে যোগ দেবেন। বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (বিএসটিকিউএম) মহাসচিব আ ম ম খাইরুল বাশার সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জানান, এ সম্মেলনে ইস্পাত, জাহাজ নির্মাণ, বিদ্যুৎ, বস্ত্র, বৈদ্যুতিক, রাসায়নিক দ্রব্য, ওষুধ, আবাসন, প্রতিরক্ষা, শিক্ষা ও সেবা খাতের মানোন্নয়নের বিষয়ে আলোচনা হবে। এ সময় সংগঠনের সভাপতি প্রকৌশলী এম এ আওয়াল, প্রকৌশলী মাসুদ হাসান, প্রকৌশলী এম জিন্নাহ ও প্রকৌশলী মোকাররম হোসেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। খাইরুল বাশার জানান, ১৯৯৭ সালে আইসিকিউসিসি'র সদস্য হওয়ার পর এই প্রথমবারের মতো বাংলাদেশে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান ২৪ অক্টোবর সকাল ৯টায় হোটেল শেরাটনে সম্মেলনের উদ্বোধন করবেন। তিনি জানান, আইসিকিউসিসি'র ১৩টি সদস্য দেশে পর্যায়ক্রমে এ সম্মেলনের আয়োজন করা হয়। ১৯৭৬ সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৩২টি সম্মেলন হয়েছে। বাংলাদেশের সম্মেলনটি হবে ৩৩তম। বিএসটিকিউএম মহাসচিব জানান, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, তাইওয়ান, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ভারতের প্রায় ৫০০ প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে এরইমধ্যে নিবন্ধিত হয়েছেন। এছাড়া মালয়েশিয়া, হংকং, শ্রীলংকা, নেপাল ও পাকিস্তানের প্রতিনিধিরাও সম্মেলনে যোগ দেবেন। এবারের সম্মেলনে মোট ১৫৫টি 'কেস স্টাডি' ও ১০টি কারিগরি বিষয় নিয়ে আলোচনা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/১৯০৮ ঘ.