২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী-শিশু পাচার: রিক্রুটিং এজেন্সির শাস্তি বাড়ানোর প্রস্তাব

নারী ও শিশু পাচারের সঙ্গে জড়িত রিক্রুটিং এজেন্সিগুলোর সাজার মেয়াদ বাড়ানোর প্রস্তাব করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নারী ও শিশু পাচার সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এ প্রস্তাব করা হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2008, 01:04 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী ও শিশু পাচারের সঙ্গে জড়িত রিক্রুটিং এজেন্সিগুলোর সাজার মেয়াদ বাড়ানোর প্রস্তাব করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নারী ও শিশু পাচার সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এ প্রস্তাব করা হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নারী ও শিশু পাচারের সঙ্গে জড়িত রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সাজার পরিমাণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এ সংক্রান্ত অধ্যাদেশ খতিয়ে দেখে সংশ্লিষ্ট ধারাগুলো সংশোধনের উদ্যোগ নেওয়ার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে অনুরোধ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সভায় জানানো হয়, ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া, মালদ্বীপে গিয়ে অনেক বাংলাদেশী বিড়ম্বনার মুখে পড়ছেন। যে সব ট্র্যাভেল এজেন্সি লোক পাঠাচ্ছে তাদের তালিকা সংরক্ষণের জন্য জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের ইমিগ্রেশন শাখাকে নির্দেশ দেয়া হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নারী ও শিশু পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ১১টি রিক্রুটিং এজেন্সির কার্যক্রম বন্ধ করেছে। এছাড়া ৬টি এজেন্সির জামানত বাজেয়াপ্ত ও ৭টির কার্যক্রম স্থগিত করেছে। স্বরাষ্ট্র সচিব মো. আবদুল করিমের সভাপতিত্বে সভায় অতিরিক্ত সচিব, ডেপুটি অ্যাটর্নি জেনারেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএআর/জেকে/এমএইচবি/১৯০৩ ঘ.