গোপালগঞ্জ, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় রোববার রাতে সোহাগী (৪০) নামের এক হিজড়াকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
উপজেলার জুয়ারি গ্রামের একটি রাস্তার পাশ থেকে রাতে সোহাগীর লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক ইব্রাহিম পাটোয়ারী।
তিনি বলেন, নিহতের শরীরে ১০টি কোপের চিহ্ন পাওয়া গেছে। খুনীরা তাকে জবাই করে রাস্তার পাশে ফেলে দেয়।
ময়না তদন্ত শেষে গোপালগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে সোহাগীর লাশ পৌর কবরস্থানে দাফন করেছে।
পুলিশ কর্মকর্তা ইব্রাহিম পাটোয়ারী জানান, আরেক হিজড়া সোহাগীর লাশ সনাক্ত করে জানিয়েছে তার বাড়ি ভোলার লালমোহন উপজেলায়। শনিবার সকালে সোহাগী মুকসুদপুর উপজেলার সর্দি গ্রাম থেকে চাঁন্দেরহাটের উদ্দেশে রওনা হয়ে আর ফিরে আসেননি। তিনি সর্দি গ্রামের মনির শেখের বাড়িতে প্রায় নয় মাস ধরে ভাড়া ছিলেন।
মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৭৪৯ ঘ.
bdnews24