নওগাঁ, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁর আত্রাই উপজেলায় শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের কব্জি থেকে দুই হাত কেটে ফেলেছে সন্ত্রাসীরা।
আব্দুল আলীম (২৩) নামের ওই ছাত্রকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আব্দুল আলীম চকবিষ্ণপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে। সে রাজশাহীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণীর ছাত্র।
এলাকাবাসীর বরাত দিয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার চক্রবর্তী জানান, শনিবার রাত ১২টার দিকে সন্ত্রাসীরা মোবাইলে ফোন করে আলীমকে গ্রামের মসজিদের কাছে ডেকে নিয়ে যায়। এরপর তারা আলীমের দুই হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে ফেলে চলে যায়।
তিনি আরও জানান, আলীম একজন সন্ত্রাসীর নাম বলেছে। তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না। প্রেমের বিষয় নিয়ে এ ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন।
এ ব্যাপারে আলীমের বাবা আব্দুর রশিদ বাদী হয়ে রোববার আত্রাই থানায় একটি মামলা করেছেন। এখনও কেউ গ্রেপ্তার হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০২২ ঘ.
bdnews24