ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের দেওয়া ভাষণকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।
রোববার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়ে বলা হয়, "আমরা ডিসেম্বরে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায়।"
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জরুরি অবস্থা শিথিল বা রহিত করার ঘোষণাকেও স্বাগত জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনের আগে কোন এক সময় জরুরি অবস্থা সম্পূর্ণ প্রত্যাহার করা হবে বলে বাংলাদেশের জনগণের মতো আমরাও আশাবাদী।
একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে সরকার, রাজনৈতিক দল, সুশীল সমাজ ও প্রচার মাধ্যম সংশ্লিষ্ট সবারই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
শনিবার রাতে প্রধান উপদেষ্টা আগামী ১৮ ডিসেম্বর জাতীয় এবং ২৪ ও ২৮ ডিসেম্বর উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এমএইচবি/১৯১৪ ঘ.
bdnews24