ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ উপ-সচিবসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নয় কর্মকর্তার পদে রোববার রদবদল আনা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় এসব বদলির আদেশ দেয়।
উপ-সচিবদের মধ্যে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের জর্জেস মিঞাকে জাতীয় বেতন কমিশনের উপ-সচিব হিসেবে প্রেষণে নিয়োগের জন্য অর্থ বিভাগে ন্যস্ত করা হয়েছে।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (নিমকো) পরিচালক মোহাম্মদ বেলায়েত হোসেনকে জীবন বীমা করপোরেশনের মহাব্যবস্থাপক (জিএম), জীবন বীমার জিএম আবু তাহেরকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মনিরুল ইসলামকে নিমকোর পরিচালক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরীকে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়।
এ ছাড়া বাগেরহাটের সাবেক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. মনিরুজ্জামানকে খুলনা সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা এবং বিনিয়োগ বোর্ডের সাবেক সহকারী পরিচালক ইশরাত জাহানকে একই বোর্ডের উপ-পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে। সিনিয়র সহকারী সচিব আব্দুন নাসের খানকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আইন কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।
এর আগে এই তিন কর্মকর্তার পদায়নের জন্য তাদের চাকরি সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।
এদিকে, বেজেএমসি'র চেয়ারম্যান অতিরিক্ত সচিব আতাহারুল ইসলামকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ওএসডি থাকাকালে আতাহারুল ইসলাম জাতীয় পরিচয় নিবন্ধন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জেকে/১৮০৫ ঘ.
bdnews24