ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পর্যটন করপোরেশন বিলুপ্ত করে পর্যটন বোর্ড গঠন এবং এ ব্যাপারে নতুন আইন ও নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। পর্যটন শিল্প বিষয়টিকে গতিশীল করে দক্ষতা বাড়িয়ে নতুন যুগের সূচনা করাই এ উদ্যোগের লক্ষ্য।
শনিবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে 'পর্যটন শিল্পের বিকাশে, দেশের শীর্ষ ব্যবসায়ীদের করণীয়' শীর্ষক এক গোলটেবিল বৈঠকে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান শফিক আলম মেহদী এ কথা জানান।
তিনি বলেন, "পর্যটন শিল্পের বিকাশে যুগোপযোগী আইন ও নীতিমালা করার জন্য সরকার ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে। এই আইনের খসড়াও প্রস্তুত করা হয়েছে। এখন এটি উপদেষ্টা পরিষদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।"
শফিক আলম মেহদী জানান, নতুন নীতিমালা ও আইন হওয়ার পর বাংলাদেশ পর্যটন করপোরেশনকে বিলুপ্ত করে বাংলাদেশ পর্যটন বোর্ড গঠন করা হবে। এতে ১০ জন পরিচালকের পাঁচজনই নিয়োগ পাবেন বেসরকারি খাতের পেশাদারদের মধ্য থেকে।
নুতন বোর্ডে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ করার চিন্তা ভাবনা চলছে জানিয়ে তিনি বলেন, "প্রয়োজনে বিদেশ থেকে দক্ষ সিইও আনা হবে।"
সোনাদিয়া ও কক্সবাজারের পর্যটন শিল্পের উন্নয়নে বিদেশি বিনিয়োগের উচ্চাভিলাষী প্রস্তাব এসেছে জানিয়ে চেয়ারম্যান বলেন, "পর্যটন বোর্ড গঠন হওয়ার পর এ ব্যাপারে তারাই সিদ্ধান্ত নেবে।"
বার, লঞ্চ, হোটেল, মোটেল ও শুল্কমূক্ত দোকানসহ পর্যটন করপোরেশনের হাতে যে ৪০টি প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে ১৮টি ইতোমধ্যে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার কথা উল্লেখ করে তিনি জানান বাকি ২২টিও ছেড়ে দেবে সরকার।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই) এবং বাংলাদেশ ওয়ান্ডার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এ মত বিনিময় সভায় দেশের পর্যটন শিল্পের উন্নয়নে বিভিন্ন প্রস্তাব দেন ব্যবসায়ীরা।
এফবিসিসিআই সভাপতি আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে নিটল নিলয় গ্র"পের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমদ বলেন, "উত্তর-পূর্ব ভারতে পর্যটন অবকাঠামো উন্নয়নের জন্য বেসরকারি পর্যায়ে বিনিয়োগ করলে সরকার ৩০ শতাংশ টাকা ভর্তুকি দেয়। বাংলাদেশেও পর্যটনের জন্য এ ধরনের ভর্তুকি দেওয়া যেতে পারে।"
বাংলাদেশে পর্যটকদের আকৃষ্ট করতে ভিসা পদ্ধতি সহজ করারও আবেদন জানান তিনি।
অবকাঠামো উন্নয়নের ওপর জোর দিয়ে এফবিসিসিআই পরিচালক রউফ চৌধুরী বলেন, "পর্যটক তো আর এমনি এমনি আসে না। তাদের কিছু দিতে হয়।"
গোলটেবিল বৈঠকে সাত প্রাকৃতিক সপ্তাশ্চর্যের তালিকায় কক্সবাজার ও সুন্দরবনকে ভোট দিয়ে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয় এবং একটি ইমেইল ঠিকানা থেকে একাধিক ভোট না দেওয়ার জন্য অনুরোধ করা হয়।
অনুষ্ঠানের মূল প্রবন্ধে বাংলাদেশ ওয়ান্ডার্স প্রমোশন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মাসুদ সারওয়ার বলেন, অনেক সম্ভাবনা থাকার পরও পর্যটন শিল্পের বিকাশে বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে। ২০০৭ সালে ২ লাখ ৮৯ হাজার বিদেশি নাগরিক বাংলাদেশে আসেন যাদের অধিকাংশই এসেছেন ব্যবসা ও সরকারি কাজে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/এসকে/২৩০৯ঘ.
bdnews24