ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘের ৬৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ শনিবার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী তার সঙ্গে রয়েছেন।
২০০৭ সালের ১২ জানুয়ারি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেয়ার পর ফখরুদ্দীন আহমদ এ নিয়ে দ্বিতীয়বারের মতো জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন। রাত ৯টা ৪০ মিনিটে এমিরেটস এর একটি ফ্লাইটে নিউইয়র্কের পথে রওনা হন তিনি।
রওনা হওয়ার আগে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে নবম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেন। আগামী ১৮ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। তার এ ভাষণ রাত ৮টায় বেতার ও টিভিতে প্রচার করা হয়।
পররাষ্ট্র উপদেষ্টা শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রধান উপদেষ্টা আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন। জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন। এছাড়া নিউইয়র্কে কয়েকটি অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে।"
সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেকে/২২০৭ ঘ.
bdnews24