২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ২৮ ভুয়া পরীক্ষার্থী আটক

বগুড়ায় পরিবার পরিকল্পনা বিভাগের নিয়োগ পরীক্ষায় শনিবার ২৮ জন ভুয়া পরীক্ষার্থীকে পুলিশ আটক করেছে। পরীক্ষায় নকলের অভিযোগে ৬ জনকে বহিস্কার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2008, 03:48 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

বগুড়া, সেপ্টম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ায় পরিবার পরিকল্পনা বিভাগের নিয়োগ পরীক্ষায় শনিবার ২৮ জন ভুয়া পরীক্ষার্থীকে পুলিশ আটক করেছে। পরীক্ষায় নকলের অভিযোগে ৬ জনকে বহিস্কার করা হয়েছে। আটক পরীক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরীক্ষা কমিটির সভাপতি জেলা প্রশাসক হুমায়ন কবীর বলেন, "সঠিক পরীক্ষা এবং যোগ্য প্রার্থীদের চাকরির সুযোগ করে দেওয়ার জন্য পরীক্ষা গ্রহণের যাবতীয় কার্যক্রমে কড়াকড়ি করা হয়েছে।" ভুয়া পরীক্ষার্থী আটকের ঘটনা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানান তিনি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব বলেন, "পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডা. রেজাউল ইসলাম বাদি হয়ে ভুয়া ২৮ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছেন। এদের মধ্যে ২৭জন পুরুষ ও একজন মহিলা রয়েছেন।" তিনি জানান, শনিবার সকাল ১০টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হল- বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি আযিযুল হক কলেজ (নতুন ভবন), আযিযুল হক কলেজ (পুরাতন ভবন), সরকারি শাহ সুলতান কলেজ, সরকারি মজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়া জিলা স্কুল ও ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। ভুয়া পরীক্ষার্থী হিসেবে আটকদের কয়েকজন হলেন- গাবতলীর মহিশাবানের তছিমুদ্দিনের ছেলে জাফর আহম্মেদ, চকসুদু এলাকার মোকলেছার রহমানের মেয়ে জান্নাতুল ফেরদৌস, সদরের রহমান নগরের মোহাম্মদ আলীর ছেলে এনায়েত হোসেন এবং শিবগঞ্জের দেউলী এলাকার ছামছুল হকের ছেলে ইমন। আটক ইমন সাংবাদিকদের জানান, তিনি তার চাচাতো ভাইয়ের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন। বগুড়া পরিবার পরিকল্পনা বিভাগের ইউনিয়ন পরিদর্শকের ৪৩টি, পরিবার পরিকল্পনা সহকারী ২৪টি, পরিবার কল্যাণ সহকারী ৪৫টি, নৈশ্য প্রহরী ৬টি এবং এমএলএসএস-এর ৩টি পদে নিয়োগের জন্য গত ৬ আগস্ট বিজ্ঞপ্তি দেওয়া হয়। এই ১২১টি পদের বিপরীতে আবেদনপত্র জমা পড়ে ১১ হাজার ৮৩২টি। বিভিন্ন ত্র"টির কারণে বাতিল হয় ২ হাজার ১১২টি আবেদনপত্র। মোট ৯ হাজার ৭২৬ জন পরীক্ষার্থীর মধ্যে শনিবার অংশগ্রহণ করেন ৮ হাজার ৯১৬ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩৮ ঘ.