কিশোরগঞ্জ, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিশোরগঞ্জের নিকলী ও কটিয়াদী উপজেলার সীমান্তবর্তী চাঁনপুর ইউনিয়নের মড়লভোগ খালে শুক্রবার রাতে বরযাত্রীবাহী নৌকায় ডাকাতদের হামলায় নৌকার মাঝি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
ডাকাতরা নগদ ৫০ হাজার টাকা, তিন ভরি সোনার অলংকার ও মোবাইল ফোন সেট নিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মাঝির নাম দুলাল (৩৫)। তার লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল হক জানান, নিকলী উপজেলার চেতরা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে দীন ইসলাম কটিয়াদী উপজেলার ভাট্টা গ্রামে বিয়ে শেষ শুক্রবার কনে নিয়ে বাড়ি ফিরছিলেন।
কটিয়াদী ও নিকলীর সীমান্তবর্তী চাঁনপুর ইউনিয়নের মড়লভোগ খালে দুইটি ইঞ্জিন চালিত নৌকায় ১৫/২০ জনের একদল ডাকাত তাদের নৌকার গতিরোধ করে। এ সময় ডাকাতরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
ডাকাতদের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই দুলাল মাঝি মারা যান।
ওসি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কটিয়াদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৬ ঘ.
bdnews24