২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুগ্মসচিব পর্যায়ের আট কর্মকর্তার পদে রদবদল

প্রশাসনের যুগ্ম সচিব পর্যায়ের আট কর্মকর্তার পদে শনিবার রদবদল এনেছে সরকার। এছাড়া শিল্পকলা একাডেমীর পরিচালক সারা আরা মাহমুদকে আরো দুই বছরের জন্য চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2008, 01:16 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের যুগ্ম সচিব পর্যায়ের আট কর্মকর্তার পদে শনিবার রদবদল এনেছে সরকার। এছাড়া শিল্পকলা একাডেমীর পরিচালক সারা আরা মাহমুদকে আরো দুই বছরের জন্য চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় এসব বদলি ও নিয়োগের আদেশ দেয়। যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বিআইডব্লিউটিসি'র পরিচালক নাসির উদ্দিন খানকে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও রেলপথ বিভাগে, বাংলাদেশ বিজ্ঞান ও কারিগরি তথ্য সংগ্রহ ও বিতরণ কেন্দ্রের পরিচালক নূরুল হককে নৌ পরিবহন মন্ত্রণালয়ে এবং জাতীয় পরিচয় নিবন্ধন কর্তৃপক্ষের চেয়ারম্যান গোলাম হোসেনকে বাণিজ্য মন্ত্রণালয়ে যুগ্ম সচিব হিসেবে বদলি করা হয়েছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব গোলাম মর্তুজাকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম সচিব আফতাব উদ্দিন তালুকদারকে জাতীয় মানবাধিকার কমিশনের সচিব হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হুমায়ুন খালিদকে বদলি করা হলেও ওই আদেশ বাতিল করা হয়েছে। এছাড়া ওএসডি যুগ্মসচিব আব্দুল কুদ্দুসকে বিআইডব্লিউটিসি'র পরিচালক এবং বিএডিসি'র সদস্য পরিচালক খোরশেদ আলমকে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে। এদিকে, শিল্পকলা একাডেমীর অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) থাকা পরিচালক সারা আরা মাহমুদের ছুটি বাতিল করে একই পদে দুই বছরের জন্য চুক্তি ভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জেকে/১৯১০ ঘ.