২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে কালাবদর নদীতে পাথরবোঝাই কার্গো ডুবি

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর সংলগ্ন কালাবদর নদীতে শনিবার সকালে একটি পাথর বোঝাই কার্গো ডুবে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2008, 01:07 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

বরিশাল, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর সংলগ্ন কালাবদর নদীতে শনিবার সকালে একটি পাথর বোঝাই কার্গো ডুবে গেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিটিসি) এম ভি বিবি-১১৩৪ নামের ওই কার্গোটি মুন্সীগঞ্জ থেকে পাথর নিয়ে যশোরের নওয়াপাড়া যাচ্ছিল। কালাবদর নদী অতিক্রমকালে ভাষানচর চ্যানেল এ দুর্ঘটনা ঘটে। কার্গোর মাস্টার ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে কার্গোটি কালাবদর নদীর ভাষানচর চ্যানেল অতিক্রমকালে দুর্ঘটনায় পড়ে। তিনি বলেন, "পুরোনো চ্যানেল চলাচল উপযোগী না হওয়ায় নতুন চ্যানেলটি (ভাষানচর চ্যানেল) করা হয়। কিন্তু এটি দিয়ে চলাচলের জন্য পথ নির্দেশক না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।" এ ব্যপারে বিআইডব্লিটিসি'র বরিশাল কার্যালয়ের ব্যবস্থাপক খালেদ নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি কার্গো ডুবির ঘটনা ঘটেছে বলে আমরা শুনেছি। এই ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যাবে ঢাকা কার্যালয় থেকে।" বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) উপ-পরিচালক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত তিন বছর ধরে ভাষানচর চ্যানেল ড্রেজিং করে সচল রাখা হচ্ছে। বর্তমান অবস্থা খুবই খারাপ। স্রোত ও পানি বেশি থাকায় এখন এখানে ড্রেজিং করা সম্ভব নয়।" চলাচল পথের নির্দের্শক বিষয়ে তিনি বলেন, "নির্দেশক (মার্ক) আছে। বয়া এবং বিকন বাতিও আছে। কার্গো বেপরোয়া চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।" রফিকুল ইসলাম জানান, এ বছরের ২৮ জানুয়ারি ভাষানচর চ্যানেলে এমভি রাতুল-১২ নামের একটি কার্গো প্রায় ৭শ মেট্রিক টন সারসহ ডুবে যায়। এরপর ৩১ জানুয়ারি ভাষানচর চ্যালেনটি "ডেঞ্জার জোন" হিসেবে ঘোষণা করছে বিআইডব্লিউটিসি। তখন থেকেই লাল পতাকার মাধ্যমে চলাচলকারী নৌযানগুলোকে দিক নির্দেশ করা হয়। তিনি জানান, নৌযান উজানে যাওয়ার সময় লাল পতাকাকে হাতের বামে ৩শ ফুট দূরে রেখে এবং উজান থেকে ভাটিতে যাওয়ার সময় লাল পতাকা হাতের ৩শ ফুট ডানে রেখে চলাচল করতে হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮৫৯ ঘ.