ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্য অধিকার অধ্যাদেশ-২০০৮ চূড়ান্তভাবে অনুমোদন করেছে সরকার।
শনিবার প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম সাংবাদিকদের বলেন, "উপদেষ্টা পরিষদের আজকের (শনিবার) সভায় তথ্য অধিকার অধ্যাদেশ-২০০৮ চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী, ২৪ ঘণ্টার মধ্যে জীবন-মৃত্যু, গ্রেপ্তার, কারামুক্তির বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা প্রাথমিক তথ্য দেবেন।"
তথ্য চেয়ে না পাওয়ায় জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার প্রতিদিন ৫০ টাকা হারে সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে বলে প্রেস সচিব জানান।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে উপদেষ্টারাসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ১৮ জুন উপদেষ্টা পরিষদ তথ্য অধিকার অধ্যাদেশ নীতিগতভাবে অনুমোদন করে।
এতে বলা হয়, অধ্যাদেশের আওতায় গঠিত তথ্য কমিশন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মতো কাজ করবে। প্রধান তথ্য কমিশনার ও কশিনারদের নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। তিন কমিশনারের মধ্যে একজন হবেন নারী। জাতীয় সংসদের সদস্য বা কোনও রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টরা এ পদে মনোনয়নের যোগ্য বিবেচিত হবেন না। দেশের যে কোনও নাগরিক কমিশনে অভিযোগ জানাতে পারবে।
অধ্যাদেশের আওতায় গ্রামের দরিদ্র মানুষ বিনা ফি-তে সাদা কাগজে দরখাস্তের মাধ্যমে তথ্য চাইতে পারবে। এছাড়া নির্ধারিত ফি দিয়ে কমিশনে তথ্যের জন্য আবেদন করা যাবে।
১৮ জুনের বৈঠকের পর ফাহিম মুনয়েম সাংবাদিকদের বলেন, "সংবিধানের ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী তথ্যপ্রাপ্তির অধিকার মানুষের মৌলিক অধিকারের অংশ। তাছাড়া জনগণের ক্ষমতায়ন, সরকারি প্রতিষ্ঠানের জবাবদিহিতা বৃদ্ধি, দুর্নীতি হ্রাস ও সুশাসন প্রতিষ্ঠার জন্যে চলমান প্রাতিষ্ঠানিক সংস্কারের অংশ হিসাবে সরকার তথ্য অধিকার আইন প্রণয়নের এ উদ্যোগ নিয়েছে।"
তিনি জানান, কমিশনের সদস্য বাছাইয়ের জন্য একটি কমিটি থাকবে। বাছাই কমিটির প্রধান হিসেবে থাকবেন আপিল বিভাগের একজন বিচারপতি। প্রধান বিচারপতি আপীল বিভাগের এই বিচারপতিকে মনোনীত করবেন। এছাড়া জাতীয় সংসদের স্পিকার বাছাই কমিটির দু'জন সদস্যকে মনোনীত করবেন। এদের একজন হবেন জাতীয় সংসদের সরকারী দলের সদস্য এবং দ্বিতীয় জন বিরোধী দলের সদস্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডি/এমআই/জিএনএ/১৫০২ ঘ.
bdnews24