ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে এ সি আই কোম্পানির ৫২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে কোম্পানির গাড়ি চালকসহ চার জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তাকৃতদের দেয়া তথ্যানুযায়ী ১ লাখ ৩০ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) মাইনুল হাসান।
গ্রেপ্তারকৃতরা হলেন- গাড়ি চালক হযরত আলী, চা দোকানদার খোকন, অভিযুক্ত ছিনতাইকারী পিয়ার আলী ও ইলিয়াস হোসেন ওরফে সেকুল।
মাইনুল হাসান জানান, গত মঙ্গলবার ও বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গত ১৪ সেপ্টেম্বর সকালে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে এসিআই কোম্পানির কর্মকর্তা বিপ্লব চক্রবর্তীকে গুলি করে ৫২ লাখ টাকা ছিনতাই হয়। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা হয়। এরপর থেকে পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র্যাব সদস্যরা ছিনতাইকারীদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারের অভিযানে নামে।
শুক্রবার রাজধানীর মিন্টু রোডে গোয়েন্দা পুলিশের দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে মাইনুল হাসান বলেন, "আগে থেকে পরিকল্পনা করে এসিআই কোম্পানির টাকা ছিনতাই করা হয়। গাড়ি চালক হযরত আলী অফিসের সামনের চা দোকানে খোকনকে টাকা বহনের খবর দেয়। খোকন তথ্যটি অন্যদের জানিয়ে ছিনতাইয়ের পরিকল্পনা করে।"
ছিনতাইয়ের সঙ্গে এসিআই কর্মকর্তা বিপ্লবের জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে মাইনুল হাসান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত চা দোকানদার খোকন সাংবাদিকদের বলেন, তথ্য সরবরাহ করায় ছিনতাইকারীরা তাকে ৩০ হাজার টাকা দেয়। এই টাকা হযরতকে দেওয়ার কথা ছিল। ঘটনার পর থেকে হযরতের সঙ্গে যোগাযোগ না হওয়ায় পুরো টাকা তার কাছেই ছিল।
গাড়ি চালক হযরত ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, তিনি কোনো টাকা নেননি।
অভিযুক্ত ছিনতাইকারী ইলিয়াস বলেন, ঘটনার দিন তিনি গাড়ি চালাচ্ছিলেন। তার গাড়িতে চারজন ছিল। ছিনতাই শেষে গুলশান ১ নাম্বারে গেলে তাকে ৯৫ হাজার টাকা দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএআর/জেকে/২১৩৬ ঘ.
bdnews24