অলোক বোস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
মাগুরা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরায় নিউমোনিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এতে আক্রান্ত বেশিরভাগই শিশু। গত কয়েকদিনে অর্ধ শতাধিক শিশুকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল থেকে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করছেন রোগীর স্বজনরা।
শুক্রবার হাসপাতাল ঘুরে দেখা যায়, ১০ শয্যার শিশু ওয়ার্ডে ৭৫টি শিশু ভর্তি রয়েছে। এর বেশিরভাগই নিউমোনিয়ায় আক্রান্ত। স্থান সঙ্কুলান না হওয়ায় হাসপাতালের মেঝে ও বারান্দায়ও রয়েছে অনেক শিশু।
রোগীর স্বজনদের অভিযোগ, শয্যা হিসেবে ১০ জনের জন্য ওষুধ বরাদ্দ থাকায় বাকিদের বেশি দামে বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে। পাশাপাশি অক্সিজেন সিলিণ্ডারের সঙ্কট থাকায় তা নিয়েও কাড়াকাড়ির মতো অবস্থা। শিশু ওয়ার্ডে দুটি নেবুলাইজার মেশিন রয়েছে, যা অপ্রতুল।
শালিখা দরিশলই গ্রামের আব্দুর রহমান আট দিন ধরে তার শিশুকে নিয়ে হাসপাতালে রয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের কোনও ওষুধ দেয়নি। সব ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে।"
সদর উপজেলার পলিতা গ্রামের মাছুদুর রহমান জানান, তিনি তার বাচ্চার জন্য তিন দিনে ৯০০ টাকার ওষুধ কিনেছেন।
একই ধরনের অভিযোগ করেন সদর উপজেলার মহম্মদপুরের খায়রুল ইসলাম, বুনাগাতীর মিরা বেগম, টুপিপাড়ার দেব রঞ্জন কুন্ডুসহ কয়েকজন।
শয্যার তুলনায় রোগী বেশি হওয়ায় চিকিৎসা দিতে সমস্যা হচ্ছে বলে স্বীকার করেছেন দায়িত্বরত সেবক-সেবিকারাও। শিশু ওয়ার্ডে কর্মরত স্টাফ নার্স জয়শ্রী রাণী ও মিনতি রাণী বলেন, এ ওয়ার্ডে মাত্র দুই জন নার্স দায়িত্বে থাকায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে।
হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডা. অমর প্রসাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত এক মাস ধরেই রোগীর সংখ্যা বেশি। তবে আমরা সাধ্যমতো চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। "
সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. এলসি কুন্ডু বলেন, "মূলত আবহাওয়া পরিবর্তন জনিত কারণেই শিশুরা এ সময়ে নিউমোনিয়াসহ শ্বাসজনিত রোগে আক্রান্ত হচ্ছে।"
তবে হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ রয়েছে বলে তিনি দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৫৮ ঘ.
bdnews24