রাজশাহী, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত সন্দেহে হিজবুত তাহরীর বাংলাদেশের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, সাউথইস্ট ইউনিভার্সিটি এবং সাউথইস্ট ইউনিভার্সিটির তিন জন শিক্ষকও রয়েছেন। (আরও তথ্যসহ)
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সাহেববাজারের মনি চত্বরের রাজশাহী সিটি প্রেস ক্লাবের প্রেস ক্লাবের নিচতলা থেকে এদের গ্রেপ্তার করা হয়। বোয়ালিয়া থানায় জিজ্ঞাসাবাদের পর আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ড. সৈয়দ গোলাম মাওলা, ঢাকার সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষক আহমেদ জামাল ইকবাল (৪৩), নর্দার্ন ইউনিভার্সিটির শিক্ষক মামুন আনসার (৪৫), রুয়েটের শিক্ষার্থী ব্রাহ্মণবাড়িয়ার ঝাউতলার আজিজুল ইসলামের ছেলে মোজাম্মেল হক বেলাল (২৩), চাঁদপুরের বাবুরহাট এলাকার সফিকুল ইসলামের ছেলে মাসুদ কাওসার (২৬), চাঁপাইনবাবগঞ্জের খোয়াবাড়িয়ার সাদিকুল ইসলামের ছেলে ওমর ফারুক (৩২), নোয়াখালীর চাটখিল এলাকার বেজাদপুরের হারুন অর রশিদের ছেলে মনিরুজ্জামান মাসুদ (২৯), ব্রাহ্মনবাড়িয়ার কলেজপাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২৩), চট্টগ্রামের ফটিক ছড়ির শামসুদপুর এলাকার আলী হোসেনের ছেলে আকতার হোসেন (২৩), কিশোরগঞ্জের কুলিয়ারচড় এলাকার আফতাব উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম (৩১) এবং গাড়ি চালক নোয়াখালীর চাটখিল গাটলাবাগ এলাকার আব্দুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম(৪০)।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপ-কমশিনার সাজ্জাদুর রহমান টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হিজবুত তাহরীরের সদস্যরা এর আগে ১০ সেপ্টেম্বর রাতে তারাবীর নামাজের পরে রাজশাহী নগরীতে রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ধরনের লেখা সম্বলিত লিফলেট বিতরণ করেছে যেগুলো পুলিশের দৃষ্টিতে আপত্তিকর। এরপর থেকেই পুলিশ তৎপর রয়েছে।"
তিনি জানান, সংগঠনটি আজ (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলন করবে- এ খবর পেয়ে গতকাল রাত থেকেই পুলিশ সতর্ক ছিল।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, "গ্রেপ্তারকৃতদের কাছে পোস্টার, লিফলেট পাওয়া গেছে। এরা সরকারবিরোধী প্রচারণা চালাচ্ছে এবং জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত।"
তিনি জানান, সংবাদ সম্মেলন করতে পুলিশের বিশেষ শাখার অনুমোদন না থাকায় উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে তাদের গ্রেপ্তার করা হয়।
রমজান আলী জানান, দুপুর ১টায় প্রেসক্লাবে সংগঠনটির সংবাদ সম্মেলন করার কথা ছিল। আগে সংগঠনের দুজন সদস্য প্রেসক্লাবে ব্যানার টানানোর পরে নিচে নেমে এলে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুর ১টার দিকে সংগঠনের নেতারা একটি মাইক্রোবাসে করে সেখানে এলে চালকসহ আরও নয়জনকে গ্রেপ্তার করে নগরীর বোয়ালিয়া মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
তিনি জানান, গাড়ি চালক জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
থানা হেফাজতে থাকার সময় হিযবুত তাহরীরের উপদেষ্টা ড. সৈয়দ গোলাম মওলা সাংবাদিকদের বলেন, রাজশাহীতে তাদের সংগঠনের প্রচারণাকে কেন্দ্র করে বেশ কিছু পত্রিকায় হিযবুত তাহরীর সম্পর্কে 'বিভ্রান্তিকর তথ্য' প্রকাশিত হয়। সে ব্যাপারে বিভ্রান্তি দুর করতেই তারা সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন।
তিনি দাবি করেন, হিযবুত তাহরীর, বাংলাদেশ কোন জঙ্গি সংগঠন নয়। জঙ্গিদের সঙ্গে তাদের কোন সম্পর্ক নেই। সংগঠনটি গণমানুষের আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে নিয়মতান্ত্রিকভাবে ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করতে চায়।
হিযবুত তাহরীরের লিফলেটে সংবিধান ও রাষ্ট্রবিরোধী বক্তব্যের (পবিত্র রমজান মাসে বর্তমান শাসকগোষ্ঠীকে অপসারণ করে খিলাফত পুনর্প্রতিষ্ঠার শপথ নিন) বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে গোলাম মওলা বলেন, "একটি শাসন ব্যবস্থার বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে সবারই কথা বলার অধিকার রয়েছে।"
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় হিজবুত তাহরীরের প্রধান সমন্বয়কারী ও মুখপাত্র মহিউদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের সদস্যদের গ্রেপ্তারের নিন্দা করে অবিলম্বে তাদের সবার মুক্তি দাবি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাদা পোশাকধারী পুলিশ 'বিনা অভিযোগে' ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ গোলাম মাওলা (হিযবুত তাহ্রীর বাংলাদেশের সিনিয়র উপদেষ্টা) ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আহমেদ জামাল ইকবালসহ (হিযবুত তাহ্রীর বাংলাদেশের সিনিয়র সদস্য) উপস্থিত হিযবুত তাহ্রীর সদস্যদের গ্রেপ্তার করে।
হিযবুত তাহরীর কোন জঙ্গি সংগঠন নয় বলে বিজ্ঞপ্তিতেও দাবি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/জিএনএ/এসকে/১৯৩৭ ঘ.
bdnews24