২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় বেড়িবাধ ভেঙে পাঁচ শতাধিক বাড়ি-ঘরে পানি

বরগুনার আমতলী উপজেলার নিদ্রা সখিনা গ্রামে বুধবার রাতে পায়রা নদীর বেড়িবাঁধের আধ কিলোমিটার অংশ ভেঙে পাঁচ শতাধিক বসত বাড়িতে পানি উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2008, 04:59 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

বরগুনা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরগুনার আমতলী উপজেলার নিদ্রা সখিনা গ্রামে বুধবার রাতে পায়রা নদীর বেড়িবাঁধের আধ কিলোমিটার অংশ ভেঙে পাঁচ শতাধিক বসত বাড়িতে পানি উঠেছে। এর আগে সোমবার সদর উপজেলার ফালিশাতলী, পাথরঘাটার কাকচিড়া ও বামনার দক্ষিণ বামনা গ্রামে বিষখালী নদীর বেড়িবাঁধের প্রায় এক কিলোমিটার অংশ ভেঙে গিয়েছিল। বিষখালী নদীর বড়ইতলা-বাইনচটকি ফেরীঘাট পানিতে ডুবে যাওয়ায় বরগুনা থেকে পাথরঘাটা, মঠবাড়িয়া, পিরোজপুর ও খুলনা রুটের বাস চলাচল তিন দিন ধরে বন্ধ রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুজয় চাকমা বেড়িবাঁধ ভেঙ্গে পড়ার কথা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিডরের পরে পর্যাপ্ত বরাদ্দের অভাবে বেড়িবাঁধ মেরামত ও পুনর্নির্মাণ করা যায়নি। যেসব জায়গায় বাধ ভেঙে গেছে ওইসব জায়গায় ছোট রিং বাঁধ ব্যবহার করা হয়েছে যা পানির চাপ সহ্য করতে না পেরে ভেঙে পড়েছে। তিনি জানান, পানি উন্নয়ন বোর্ডের ৪৫ নম্বর পোল্ডারের প্রায় আধ কিলোমিটার অংশ ধসে গেছে। বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ায় ২৯টি গ্রাম এখনও পানিতে তলিয়ে আছে। গ্রামগুলো হলো- বরগুনা সদর উপজেলার মাঝেরচর, নলটোনা, নলী, চরকগাছিয়া, বান্দরগাছিয়া, রায়ভোগ, মাঝখালী, মোল্লার হোরা, ডালভাঙ্গা, পাতাকাটা, ফালিশাতলী, চালিতাতলী, বুড়িরচর, লবনগোলা, আমতলী উপজেলার জয়ালভাঙ্গা, নিদ্রা সখিনা, বালিয়াতলী, পাথরঘাটা উপজেলার পদ্মা, বড়ইতলা, চরদুয়ানী, বাইনচটকি, কাকচিড়া, বেতাগী উপজেলার ঝোপখালী, কেওড়াবুনিয়া, কালিকাবাড়ি, বদনীখালী, বামনা উপজেলার বামনা, চেচান ও পুরাতন বামনা। এছাড়া পাথরঘাটা, পোটকাখালী, বড়ইতলা, গৌরীচন্না, খেজুরতলা আশ্রয়ন প্রকল্প তলিয়ে যাওয়ায় মানুষ চরম দুর্ভোগে আছেন। চরদুয়ানী ও কাকচিড়া বাজার পানিতে ডুবে আছে। সহস্রাধিক বাড়িসহ পাঁচ হাজার একর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। কাকচিড়ার বাসিন্দা মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক জিহাদী ক্ষোভ প্রকাশ করে বলেন, সিডরে তার পরিবারের সাতজন মারা গেছেন। এখনও পর্যন্ত ঘর তৈরির জন্য কোনো সহায়তা পাননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/এমএইচবি/২২৫১ ঘ.