২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির অভিযোগে ফুলপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা বরখাস্ত

ভোটার তালিকাসংক্রান্ত কাজে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার নির্বাচন কর্মকর্তা এ বি এম সাইফুজ্জামানকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2008, 02:07 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোটার তালিকাসংক্রান্ত কাজে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার নির্বাচন কর্মকর্তা এ বি এম সাইফুজ্জামানকে সাময়িক বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয় এ আদেশ দেয়। আদেশে বলা হয়, 'ভোটার তালিকাসংক্রান্ত কাজে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী মাঠ পর্যায়ের এই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।' এখন থেকে ধোবাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ফুলপুরের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন বলে আদেশে উল্লেখ করা হয়। এ বি এম সাইফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৩০ আগস্ট ফুলপুরে বাদপড়া ভোটারদের ছবি তোলার সময় অফিস সহকারী কিছু ভোটারেরর কাছে টাকা নেয়। দায়িত্বরত সেনা সদস্যরা তাকে (অফিস সহকারীকে) হাতেনাতে ধরে ফেলে। পরে টাকা উদ্ধার করে সংশ্লিষ্ট ভোটারদের ফেরত দেয়া হয়। তিনি দাবি করেন, এ জন্য ওই অফিস সহকারীই দায়ী, তিনি নিজে নন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিএইচ/জেকে/এমএইচবি/২০০১ ঘ.