কিশোরগঞ্জ, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে করিমগঞ্জের সুতারপাড়া ইউনিয়নের চারিতলা গ্রামে বুধবার বিকেলে দুই দলের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন- মো. ইসলাম (৩০), আবদুল হেকিম (৪০), আলম (২৬) ও চুন্নু মিয়া (২৪) এবং ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছেন আবু তালেব (৪৭), মামুন (২২), হেলাল (৪০) ও মোসলেম (৪৫)।
তাদের কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
করিমগঞ্জ থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত জৈষ্ঠ মাসে অনুষ্ঠিত একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে চারিতলা গ্রামের ওমর ফারুক ও বকুল সরকারের মধ্যে বিরোধ চলছিল। বুধবার দুপুরে করিমগঞ্জ উপজেলা সদরে তাদের মধ্যে হাতাহাতি হয়। এ খবর গ্রামে পৌঁছালে দুই গ্র"পের লোকজন বিকেলে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওমর ফারুকের লোকজন দেশীয় অস্ত্রের পাশাপাশি বন্দুকও ব্যবহার করে বলে পুলিশ কর্মকর্তা জানান।
নজরুল ইসলাম বলেন, "এ ঘটনায় পুলিশ একটি সাধারণ ডায়রি করেছে। পরবর্তীতে কেউ বাদী হলে নিয়মিত মামলা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩১৭ ঘ.
bdnews24