ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসাম্প্রদায়িক, বিজ্ঞানভিত্তিক এবং গণমুখী শিক্ষাব্যবস্থা চালুর দাবি নিয়ে বুধবার রাজধানীতে শিক্ষা দিবস পালন করেছে বিভিন্ন ছাত্র সংগঠন।
পাকিস্তানি সামরিক শাসক আইয়ুব খানের চাপিয়ে দেওয়া 'জাতীয় শিক্ষানীতি' বাতিলের দাবিতে ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর ছাত্ররা বিক্ষোভ করলে পুলিশের গুলিতে ওয়াজিউল্লাহ, মোস্তফা ও বাবুলসহ বেশ কয়েকজন ছাত্র নিহত হন। এরপর থেকে বিভিন্ন ছাত্র সংগঠন দিনটিকে শিক্ষা দিবস হিসেবে পালন করে আসছে।
হাইকোর্টের সামনে যে স্থানটিতে ১৯৬২ সালে পুলিশ আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়েছিল বুধবার সেখানে 'শিক্ষা অধিকার চত্বর' উদ্বোধন করেন ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা।
এ সময় খোকা বলেন, "সেদিন যারা আত্মত্যাগ করেছিলেন, তাদের স্বপ্ন আজো পূরণ হয়নি। এর কারণ বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থা। তাদের স্বপ্ন পূরণে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।"
এ সময় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, হায়দার আকবর খান রনো, আওয়ামী লীগ নেতা মুকুল বোস, জাতীয় সমাজতান্ত্রিক দলের শিরিন আখতার, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ডা. মোশতাক আহমেদসহ ১৯৬২ ও ১৯৮৩ সালের শিক্ষা আন্দোলনে নেতৃত্বদানকারী নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র মৈত্রী, ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন ছাত্র সংগঠন এ চত্বরে ফুল দিয়ে শিক্ষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।
দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ভবনের সামনে ছাত্র ইউনিয়ন আয়োজিত এক সমাবেশে নেতা-কর্মীরা বেসরকারি সংস্থা ব্র্যাককে প্রাথমিক শিক্ষা উন্নয়নের দায়িত্ব দেয়ার তীব্র নিন্দা জানায়।
এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ২০ বছরের কৌশলপত্র বাতিল এবং অসাম্প্রদায়িক, বিজ্ঞানভিত্তিক এবং গণমুখী শিক্ষাব্যবস্থা চালুর দাবিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি দেয় ছাত্র ইউনিয়ন।
বাংলাদেশ ছাত্র মৈত্রীও একই দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি দেয়। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কিউএইচ/জেকে/২২৩৫ ঘ.
bdnews24