২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতিকদের নিয়ে নভেম্বরে তিনটি সম্মেলনের পরিকল্পনা

বিনিয়োগ ও প্রবৃদ্ধি, প্রশাসনিক সংস্কার এবং শিক্ষার মানোন্নয়ন নিয়ে সরকার আগামী নভেম্বরে তিনটি নীতি নির্ধারণী সম্মেলন করার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। শীর্ষ রাজনীতিকরা এতে নিজ নিজ দলের প্রতিনিধিত্ব করবেন। দুই শীর্ষ নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা এতে অংশ নেবেন বলে তিনি আশা করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2008, 02:45 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনিয়োগ ও প্রবৃদ্ধি, প্রশাসনিক সংস্কার এবং শিক্ষার মানোন্নয়ন নিয়ে সরকার আগামী নভেম্বরে তিনটি নীতি নির্ধারণী সম্মেলন করার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। শীর্ষ রাজনীতিকরা এতে নিজ নিজ দলের প্রতিনিধিত্ব করবেন। দুই শীর্ষ নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা এতে অংশ নেবেন বলে তিনি আশা করছেন। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে উপদেষ্টা সাংবাদিকদের এ কথা জানান। হোসেন জিল্লুর রহমান বলেন, "আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিভিন্ন ইস্যুতে ঐকমত্য ও দলীয় সংস্কারের বিষয়ে আলোচনা করেছি। সবকিছু মাথায় রেখেই আগামী নভেম্বরে দেশে তিনটি নীতি নির্ধারণী সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করার কথা ভাবা হচ্ছে। সংলাপের ভিন্ন আঙ্গিক হিসেবে এ সম্মেলনের আয়োজন করা হবে।" তিনি বলেন, "এসব সম্মেলনে দুই শীর্ষ নেত্রীসহ দেশের শীর্ষ রাজনীতিকদের অংশগ্রহণের মাধ্যমে পরবর্তী সরকারের করণীয়গুলো নির্ধারণ এবং বিভিন্ন সমস্যার সমাধানে সুপারিশমালা প্রণয়ন করা হবে। শীর্ষ রাজনীতিকরাই নিজ নিজ পক্ষের প্রতিনিধিত্ব করবেন।" এটি 'রাজনৈতিক ঐকমত্য' প্রতিষ্ঠার উদ্যোগ কি না- এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "ঐকমত্য প্রতিষ্ঠার চেয়ে বড় বিষয় হবে আলোচনা শুরু করা। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে রাজনৈতিক নেতৃত্বকে আগ্রহী করে তোলার জন্যই এর আয়োজন করা হবে।" কোনো কারণে দেশের দুই প্রধান রাজনৈতিক দলের নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাকে সম্মেলনে আনা না গেলে তা ফলপ্রসূ হবে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "সীমাবদ্ধতার মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। এর মধ্যে তো আমরা অনেক কিছুই অর্জন করেছি। তারাও তো দেশের জন্য অনেক কিছু করেছেন। কারো কোনো অর্জনকেই ছোট করে দেখা উচিত হবে না।" হোসেন জিল্লুর বলেন, "আমরা সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছি। এখন আমরা অংশগ্রহণের অধ্যায় শেষ করে গুণগত উত্তরণের অধ্যায়ে রয়েছি, যাতে নেতিবাচক ভাবমূর্তির কেউ নির্বাচনে অংশগ্রহণ বা বিজয়ী হতে না পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/২০৩২ ঘ.