২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নার মৃত্যুর ৭ মাস পর চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

চিকিৎসকের অবহেলায় চিত্রনায়ক মান্নার মৃত্যুর অভিযোগে বুধবার মামলা করেছেন তার স্ত্রীর বড় ভাই রেজা কাদের। গুলশানের ইউনাইটেড হাসপাতালে ছয় চিকিৎসকসহ পরিচালনা পর্ষদের সদস্যদের মামলায় আসামি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2008, 01:54 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসকের অবহেলায় চিত্রনায়ক মান্নার মৃত্যুর অভিযোগে বুধবার মামলা করেছেন তার স্ত্রীর বড় ভাই রেজা কাদের। গুলশানের ইউনাইটেড হাসপাতালে ছয় চিকিৎসকসহ পরিচালনা পর্ষদের সদস্যদের মামলায় আসামি করা হয়েছে। মান্নার মৃত্যুর সাত মাস পর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা দায়ের করা হলো। গত ১৭ ফেব্র"য়ারি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মান্নার (৪৮) মৃত্যু হয়। মহানগর হাকিম সাইফুর সিদ্দিক বাদীর বক্তব্য গ্রহণ করলেও বুধবার এ বিষয়ে কোনো আদেশ দেননি। মামলার আসামিরা হলেন- ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক মো. এনায়েত হোসেন শেখ, জহির উদ্দিন মাহমুদ ইলিয়াস, মোমেনুজ্জামান, ফাতেমা, খন্দকার মাহবুব হোসাইন, মাইনুল ইসলাম মজুমদার ও হাসপাতালটির পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ। আরজিতে বলা হয়েছে, "বুকে ব্যথা অনুভব করায় মান্না গত ১৭ ফেব্র"য়ারি ভোরে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। কিন্তু চিকিৎসকরা হাসপাতালে আসেন সকাল ৯টায়। দেরি হয়ে যাওয়ায় মান্না অ্যাকিউট মায়োকারডিয়াল ইনফ্রাকশনে আক্রান্ত হন।" চিকিৎসা শাস্ত্র অনুযায়ী, হৃদরোগের এ অবস্থায় আক্রান্ত হওয়ায় ৯০ মিনিটের মধ্যে নির্দিষ্ট ইনজেকশন দেওয়ার নিয়ম থাকলেও চিকিৎসকরা প্রায় ৫ ঘণ্টা পর মান্নাকে দেখতে যান বলে মামলায় অভিযোগ করেছেন রেজা কাদের। বাদি পক্ষে মামলাটি পরিচালনা করছেন অ্যাডভোকেট খন্দকার মোহাম্মদ মুশফিকুল হুদা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এমএইচবি/১৯৪৮ ঘ.