২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে সাহায্য করবে চীন

বিদ্যুৎ উৎপাদনে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশকে সাহায্য করবে চীন। দীর্ঘদিন ধরে আটকে থাকা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়নের জন্য শিগগিরই একটি বৈজ্ঞানিক ও কারিগরী প্রতিনিধি দল চীনে পাঠানো হবে বলে জানিয়েছেন চীন সফররত পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2008, 01:06 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ উৎপাদনে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশকে সাহায্য করবে চীন। দীর্ঘদিন ধরে আটকে থাকা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়নের জন্য শিগগিরই একটি বৈজ্ঞানিক ও কারিগরী প্রতিনিধি দল চীনে পাঠানো হবে বলে জানিয়েছেন চীন সফররত পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে চীনের নেতারা বাংলাদেশকে সাহায্য করার ব্যাপারে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদকে প্রতিশ্র"তি দিয়েছেন। বুধবার চীন থেকে ইফতেখার আহমদ চৌধুরী টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চীনের নেতাদের সঙ্গে আলোচনা অনুযায়ী, পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষ্যে আরও বিস্তারিত সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বাংলাদেশ থেকে একটি বৈজ্ঞানিক ও কারিগরী প্রতিনিধি দল শিগগিরই চীনে পাঠানো হবে।" গত রোববার রাতে পাঁচ দিনের সফরে চীনে যান প্রধান উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা ইতোমধ্যে চীনের রাষ্ট্রপতি হু জিনতাও এবং প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের সঙ্গে বৈঠক করেছেন। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে বাংলাদেশকে সাহায্য করার ব্যাপারে চীনা নেতারা প্রধান উপদেষ্টাকে প্রতিশ্র"তি দিয়েছেন। তিনি বলেন, "সফরে সহযোগিতার কিছু নতুন সম্ভাবনা ও এ ক্ষেত্রে সম্ভাব্য চীনা সহায়তার আশ্বাস পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে মেঘনা ও মেঘনা-গোমতী নদীর ওপর সপ্তম ও অষ্টম মৈত্রী সেতু নির্মাণ এবং কৃষি উৎপাদন বাড়াতে শঙ্কর বীজ উৎপাদন বৃদ্ধি।" চীন-বাংলাদেশ সম্পর্ককে 'সময়ের পরীক্ষায় উত্তীর্ণ' ও 'সব সময়ের" আখ্যায়িত করে পররাষ্ট্র উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টার এই চীন সফর অবশ্যই দুই এশীয় উন্নয়নশীল দেশের সম্পর্ককে আরো জোরালো করেছে। "চীন বাংলাদেশের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি বাংলাদেশ চীনের জন্য। চীনের সঙ্গে দৃঢ় সম্পর্ক বাংলাদেশের পররাষ্ট্র নীতির অন্যতম ভিত্তি। পরবর্তী সরকারগুলো এটা মনে রাখবে বলে আমি খুবই আত্মবিশ্বাসী।" আগামী ১৯ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসকে/১৮৫৬ঘ.