ঢাকা, সেপ্টম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা নির্ধারণে তিন দিনের বৈঠকের শেষ দিন বুধবারেও কোনো ধরনের কার্যকর সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দুপক্ষ। এ ব্যাপারে আবারও আলোচনায় বসার সিদ্ধান্তের মধ্য দিয়ে বৈঠক শেষ হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার তৃতীয় দিনের বৈঠক শেষে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান অতিরিক্ত পররাষ্ট্র সচিব এম এ কে মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দীর্ঘ ২৮ বছর পর আলোচনা শুরু করতে পারাটাও এক ধরনের অর্জন। এছাড়া বিষয়টি নিয়ে আরও আলোচনার ব্যাপারেও আমরা সম্মত হয়েছি।"
গত সোমবার থেকে দুদেশের মধ্যে সমুদ্রসীমা চিহ্নিতকরণ বিষয়ে তিন দিনের বৈঠক শুরু হয়। এতে সাত সদস্যের ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন রিয়ার অ্যাডমিরাল বি আর রাও।
তিন দিনের আলোচনায় মূল লক্ষ্য ছিল বাংলাদেশের সাতক্ষীরা জেলার দক্ষিণ তালপট্টি দ্বীপের ওপর দিয়ে বয়ে চলা হারিয়াভাঙ্গা নদীর মধ্যসীমা নির্ধারণ। এই হারিয়াভাঙ্গা নদীর মধ্যসীমানা বাংলাদেশ ও ভারতের সীমান্ত রেখা হিসেবে চিহ্নিত হবে। নদীটি দুটি ধারায় প্রবাহিত হচ্ছে। বাংলাদেশ দাবি করছে নদীর পশ্চিম ধারাটিই মূল ধারা এবং তার মধ্যবর্তী স্থানকে সীমানা হিসেবে চিহ্নিত করা হোক। অন্যদিকে ভারতের দাবি, পূর্ব অংশের প্রবাহটি থেকে মধ্যবর্তী স্থান নির্ধারণের। বৈঠকে দুপক্ষ এ ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি।
নদীর পূর্ব অংশের প্রবাহ থেকে সীমানা চিহ্নিত করা হলে বাংলাদেশ দক্ষিণ তালপট্টি দ্বীপের মালিকানা হারাবে। তা ভারতের অংশ হয়ে যাবে। আর পশ্চিম অংশ থেকে সীমানা ঠিক করা হলে দক্ষিণ তালপট্টি বাংলাদেশের ভেতরে থাকবে।
এম এ কে মাহমুদ বলেন, "আমরা বলছি হারিয়াভাঙ্গার মূল প্রবাহ পশ্চিম অংশ দিয়ে বইছে। কিন্তু ভারত দাবি করছে মূল প্রবাহ পূর্ব দিকে।"
ভারতীয় প্রতিনিধি দলের প্রধান রিয়ার অ্যাডমিরাল বি আর রাও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা কারিগরি প্রতিনিধি দল। আমাদের কাজ হলো দুপক্ষের অবস্থান সম্পর্কে জানা। সীমানা নির্ধারণ নিয়ে বিভিন্ন পদ্ধতি ও প্রক্রিয়া নিয়ে আমাদের আলোচনা হয়েছে।"
হারিয়াভাঙ্গা নদীর মধ্যসীমা নির্ণয়ে কোনো ঐক্যমত হয়েছে কি না এমন প্রশ্ন এড়িয়ে গিয়ে বি আর রাও জানান, পরবর্তী বৈঠকের জন্য বাংলাদেশ কবে বসতে পারবে তা জানানোর জন্য বাংলাদেশের পররাষ্ট্র সচিবকে অনুরোধ করেছেন তারা।
তিনি বলেন, "আলোচনা যথেষ্ট ফলপ্রসূ হয়েছে এবং আমরা সামনে এগিয়ে যাব।"
বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান জানান, সমুদ্রসীমা নির্ধারণে বাংলাদেশ ১৯৮০ সালের অবস্থানেই রয়েছে এবং হারিয়াভাঙ্গা নদীর পশ্চিম অংশ থেকেই সীমানা চিহ্নিত করার কথা বলেছে।
দুদেশের জন্যই সমুদ্রসীমা নির্ধারণ খুবই গুরুত্বপূর্ণ। সীমানা নির্ধারিত না থাকায় কোনো দেশই বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের কাজ শুরু করতে পারছে না।
এছাড়া জাতিসংঘের কন্টিনেন্টাল শেলফ সনদ (সিএলসিএস) অনুসারে মে ২০০৯ সালের মধ্যে ভারতকে নিজস্ব সমুদ্রসীমার মানচিত্র জমা দিতে হবে। অন্যদিকে বাংলাদেশের জন্য এ সময়সীমা ২০১১ সালের জুলাই পর্যন্ত।
বাংলাদেশ বা ভারত নিজেদের সমুদ্রসীমার মানচিত্র সিএলসিএস এর কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে ব্যর্থ হলে দুদেশের সমুদ্রসীমাই অমীমাংসিত থেকে যাবে কারণ সিএলসিএস এর রাজনৈতিক সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা নেই।
ভারত ছাড়াও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা চিহ্নিত করা বাকি। মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণ বিষয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে। ২০০৯ সালের মাঝামাঝিতে দুদেশের মধ্যে আবারও বৈঠকের কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসকে/১৮০৪ঘ.
bdnews24