দিনাজপুর, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে বুধবার মৃত্যুদণ্ড দিয়েছে দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত।
দণ্ডপ্রাপ্তের নাম আনাস আলী (২১)। বাড়ি সদর উপজেলার জালালপুর গ্রামে। যৌতুকের দাবিতে স্ত্রী রুবিনা আক্তার (১৮) কে হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
বিচারক বাদশা আলমগীর এ দণ্ডাদেশ দেন। রায়ের সময় আসামি আনাস আদালতে হাজির ছিলেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) মশিহুর রহমান ফাতেমী সাংবাদিকদের জানান, আনাস আলী গত বছর বিরল উপজেলার ভবানীপুর গ্রামের আব্বাস আলীর মেয়ে রুবিনাকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই আনাস দেড় লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে চাপ দিয়ে আসছিল।
অ্যাডভোকেট ফাতেমী বলেন, "যৌতুক না পেয়ে গত ২১ সেপ্টেম্বর রুবিনাকে গলা টিপে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় আনাসকে এলাকাবাসী আটক করে। পরে তাকে পুলিশে তুলে দেয়। "
রুবিনার বাবা আব্বাস আলী ঘটনার দিনই বিরল থানায় মামলাটি দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১৯ ঘ.
bdnews24