ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নির্বাচনে ব্যবহারের জন্য স্বচ্ছ ব্যালট বাক্সের প্রথম চালান কমলাপুর ইনল্যান্ড কনটেইনার ডিপোতে (আইসিডি) পৌঁছেছে; বুধবার আনুষ্ঠানিকভাবে সেগুলো গ্রহণ করবে নিবাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, "সোমবার সন্ধ্যায় প্রথম চালানে প্রায় ৩৫ হাজার স্বচ্ছ ব্যালট বাক্স কমলাপুর আইসিডিতে এসেছে। বুধবার সন্ধ্যায় তা খালাস করা হবে। ব্যালট বাক্সগুলো রাখার কোনো 'স্টোরেজ' (গুদাম) না থাকায় তা উপ-নির্বাচন কার্যালয়ে সংরক্ষণের জন্য পাঠিয়ে দেয়া হবে।"
পর্যায়ক্রমে আরো চালান আসছে জানিয়ে তিনি বলেন, "অক্টোবরের মধ্যে ২ লাখ ৩৭ হাজার ৫০০ স্বচ্ছ ব্যালট বাক্স জাহাজে করে দেশে পৌঁছবে। আর প্রয়োজন হলে স্বল্পসংখ্যক বাক্স বিমানযোগে আনা হবে।"
ভোট কারচুপি রোধ করতে দেশের নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের পরিকল্পনা এবারই প্রথম।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও বাংলাদেশ সরকারের এ যৌথ প্রকল্পে অর্থ সহায়তা দিচ্ছে কানাডিয়ান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি (সিডা)।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দফা আলোচনা শেষে নির্বাচন কমিশন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্বচ্ছ ব্যালট বাক্স সংগ্রহের প্রক্রিয়া শুরু করে। এ লক্ষ্যে গত জুনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) উদ্যোগে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির মধ্যে ৪৫ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়সাপেক্ষ 'ট্র্যান্সলুসেন্ট ব্যালট বক্সেস' প্রকল্পের চুক্তি হয়।
২০০৭ সালের ২২ জানুয়ারির বাতিল হওয়া সংসদ নির্বাচনে সারাদেশে ৩৩ হাজার ৩১৮টি ভোটকেন্দ্রে ১ লাখ ৭৮ হাজার ৫১টি ভোটকক্ষে (পোলিং বুথ) ভোট দেওয়ার জন্য বরাদ্দকৃত ব্যালট বাক্সের সংখ্যা ছিল ২ লাখ ১১ হাজার ৩৬৯টি। এ হিসাব বিবেচনায় রেখে এবার জাতীয় নির্বাচনের জন্য স্বচ্ছ ব্যালট বাক্সের সম্ভাব্য চাহিদা ধরা হয়েছে ২ লাখ ৪০ হাজার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিএইচ/এমএইচবি/২২৫২ ঘ.
bdnews24