২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাওর-বাওর নিয়ে 'মোহনগঞ্জ ঘোষণা' প্রকাশ করেছে পবা

দেশের হাওর অঞ্চলের মানুষের বিভিন্ন ধরনের শতাধিক সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে 'মোহনগঞ্জ ঘোষণা' প্রকাশ করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। গত মাসে অনুষ্ঠিত প্রথম জাতীয় হাওর উৎসবে আলোচনার মাধ্যমে এসব দাবি দাওয়া সংকলন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2008, 04:49 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের হাওর অঞ্চলের মানুষের বিভিন্ন ধরনের শতাধিক সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে 'মোহনগঞ্জ ঘোষণা' প্রকাশ করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। গত মাসে অনুষ্ঠিত প্রথম জাতীয় হাওর উৎসবে আলোচনার মাধ্যমে এসব দাবি দাওয়া সংকলন করা হয়েছে। বুধবার সরকারের কাছে এইসব দাবি পেশ করা হবে। এই দাবি-দাওয়ার মধ্যে আশু করণীয় হিসেবে বোরো ফসল রক্ষার জন্য বেড়িবাধগুলো সংস্কারের কাজে স্থানীয় কৃষকদের যুক্ত করা, সুরমা-ধনু-ঘোড়াউত্রা-কংস নদ খনন, ছোট জলাশয়গুলো ইজারা দেয়া বন্ধ, হাওরের কেন্দ্র এলাকায় অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের দপ্তর স্থাপন, হাওর সংস্কৃতি একাডেমি স্থাপন, 'শয়তানখালি বিল', 'বৈঠাখালি বিল' ও 'শুকাবিলা সানিন্দা' (সাইন্নার বিল)- এসব বিলকে অভয়াশ্রম ঘোষণা, মোহনগঞ্জকে 'হাওর উপজেলা' হিসেবে ঘোষণা এবং হিজল-করচের মতো হাওর অঞ্চলের উপযোগী বৃক্ষের বনায়ন করার দাবি জানানো হয়। গত ২২ থেকে ২৪ আগস্ট নেত্রকোণা জেলার মোহনগঞ্জে প্রথম জাতীয় হাওর উৎসবে হাওর অঞ্চলের বাসিন্দা, বিভিন্ন স্তরের পেশাজীবী ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে অনুষ্ঠিত মতবিনিময়মূলক বিভিন্ন বৈঠকে এসব সমস্যা ও দাবিগুলো উত্থাপিত হয়। মঙ্গলবার ঢাকা রিপোটার্স ইউনিটির ভিআউপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই 'মোহনগঞ্জ ঘোষণা' প্রকাশ করে পরিবেশবাদী সংগঠন পবা। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাওর উৎসব কমিটি ও পবা'র চেয়ারম্যান আবু নাসের খান, সদস্য সচিব কামাল পাশা চৌধুরী, সমন্বয়কারী আতিকুর রহমান খান পূর্ণিয়া, সদস্য ছবি বিশ্বাস ও ড. হালিম দাদ খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/টিএইচ/এমএইচবি/২২৪১ ঘ.