২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ব্যাংকের সঙ্গে ৩৫ কোটি ডলার বিদ্যুৎ ঋণ চূড়ান্ত

বিপর্যস্ত বিদ্যুৎ খাতে বিনিয়োগের জন্য ৩৫ কোটি ডলার ঋণ প্রস্তাব নিয়ে বিদ্যুৎ বিভাগ ও বিশ্ব ব্যাংকের প্রথম দিনের আলোচনা সফল হয়েছে বলে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে। বুধবার চুক্তি স্বাক্ষর হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2008, 03:21 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিপর্যস্ত বিদ্যুৎ খাতে বিনিয়োগের জন্য ৩৫ কোটি ডলার ঋণ প্রস্তাব নিয়ে বিদ্যুৎ বিভাগ ও বিশ্ব ব্যাংকের প্রথম দিনের আলোচনা সফল হয়েছে বলে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে। বুধবার চুক্তি স্বাক্ষর হতে পারে। বিদ্যুৎ বিভাগের সচিব ড. এম ফাওজুল কবির খান মঙ্গলবার বৈঠক শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আলোচনা সফল হয়েছে। বুধবার আমরা আবারও আলোচনায় বসবো। আশা করি বুধবারই চুক্তিতে স্বাক্ষর করে ফেলবো।" রাজধানীর হোটেল সোনারগাঁও এ বিকাল তিনটা থেকে শুরু হওয়া বৈঠকে ঋণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। ঋণের অর্থ দিয়ে যে সব প্রকল্প বাস্তবায়ন করা হবে তার বিভিন্ন দিক ও চুক্তির খসড়া নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। ঢাকায় সমঝোতা চূড়ান্ত হওয়ার পর তা বিশ্বব্যাংক বোর্ডের অনুমোদনের জন্য পাঠানো হবে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, ৩৫ কোটি ডলার ঋণ দিয়ে সিদ্ধিরগঞ্জে ৩০০ মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র, বাখরাবাদ থেকে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেডের গ্যাস পাইপ লাইন এবং সিদ্ধিরগঞ্জ থেকে মানিকনগর গ্রিড সাব স্টেশন পর্যন্ত সঞ্চালন লাইন স্থাপন করা হবে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, সহজ শর্তে 'আইডিএ ক্রেডিট' হিসাবে ৪০ বছরের জন্য এ ঋণ দেওয়া হচ্ছে। চুক্তির প্রথম দশ বছরে ঋণের কোনও কিস্তি দিতে হবে না। কেবলমাত্র সুদ পরিশোধ করতে হবে। ১২ বছরের বেশি সময় পর বিশ্ব ব্যাংক বিদ্যুৎ বিভাগকে উৎপাদন ও সঞ্চালনের জন্য প্রকল্প ঋণ দিতে যাচ্ছে। এ সময়কালে বিশ্ব ব্যাংক থেকে ঋণ দেওয়া হলেও তা ছিল পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিতরণ লাইন স্থাপনের জন্য। নাম না প্রকাশের শর্তে বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদ্যুৎ বিভাগের কর্মকাণ্ডে স্বচ্ছতা না থাকার যুক্তি দেখিয়ে বিশ্ব ব্যাংক এতদিন উৎপাদন ও সঞ্চালন লাইন স্থাপনে ঋণ দিতে সম্মত হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২১১২ঘ.