বগুড়া, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়া শহরের পুরাতন বগুড়া তিনমাথা এলাকায় মাহিন ফুড প্রোডাক্টের কারখানা থেকে মঙ্গলবার দুপুরে বেশ কিছু ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব।
উদ্ধারকৃত সরঞ্জামের দাম প্রায় ১০ কোটি টাকা বলে জানিয়েছেন একজন র্যাব কর্মকর্তা।
তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
বগুড়ার র্যাব ১২-এর কোম্পানি কমান্ডার মেজর আবু নসর মোহাম্মদ মোস্তফা সাংবাদিকদের জানান, দুপুর ১টার দিকে মাহিন ফুড প্রোডাক্টের কারখানা অভিযান চালানো হয়।
উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে- ৩১টি সিম সংযুক্ত একটি চেম্বার, এক্সচেঞ্জ সুইচ রুম, একটি কম্পিউটার মনিটর ও কী বোর্ড, একটি টেলিফোন সেট, একটি মিনি ইউপিএস পাওয়ার ব্যাটারি, ৩১টি এ্যান্টেনা, একটি সুইচ, চারটি পাওয়ার কর্ড ও একটি কোয়ান্টাম।
মেজর আবু নসর জানান, সরঞ্জামগুলো র্যাবের হেফাজতে আছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
র্যাব কর্মকর্তা জানান, বগুড়া শহরের সেউজ গাড়ী এলাকার ব্যবসায়ী আব্দুল মোমিন ও তার ভাই নজরুল ইসলাম তাদের মাহিন ফুড প্রোডাক্টের কারখানায় অবৈধভাবে ভিওআইপির ব্যবসায় করে আসছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৫ ঘ.
bdnews24