২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সাবেক সাংসদ মুন্সী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

কারাবন্দি কুমিল্লার দেবীদ্বার এলাকার বিএনপিদলীয় সাবেক সাংসদ মনজুরুল আহসান মুন্সীকে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2008, 01:00 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কারাবন্দি কুমিল্লার দেবীদ্বার এলাকার বিএনপিদলীয় সাবেক সাংসদ মনজুরুল আহসান মুন্সীকে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম কারাগারে সাবেক সাংসদ মুন্সী বুকে ব্যাথা অনুভব করায় মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়। কারাগারের সিনিয়র জেল সুপার আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাবেক সাংসদ বর্তমানে হাসপাতালের ১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। দুপুর ১২টার পরে বুকে প্রচণ্ড ব্যাথা অনুভব করায় তাকে প্রথমে কারা হাসপাতালে এবং প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকের পরামর্শে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রাথমিক পরীক্ষার পর তাকে হৃদরোগ বিভিাগে ভর্তি করা হয়েছে। কারা চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে আতাউর রহমান জানান, আগে থেকেই মনজুরুল আহসান মুন্সীর হৃদযন্ত্রে সমস্যা রয়েছে। বর্তমানে তার অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে জেল সুপার চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন। তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক জানান, মনজুরুল আহসান মুন্সীর অবস্থা কেমন- এখনই তা বলা যাচ্ছে না। আশঙ্কামুক্ত হওয়ার জন্য তাকে আরও কিছু সময় পর্যবেক্ষণে রাখা হবে। গত বছর ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর দুটি চাঁদাবাজি মামলায় অভিযুক্ত সাবেক এই সাংসদ গত বছর ১০ অক্টোবর থেকে চট্টগ্রাম কারাগারে আটক রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/১৮৬৯ ঘ.