ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথকে হরতালে ভাংচুর ও পুলিশের কাজে বাধাদানের এক মামলায় জামিন দিয়েছে আদালত।
ঢাকা মহানগর হাকিম ফেরদৌস আরা মঙ্গলবার জামিনের এ আদেশ দেন।
এদিন মামলার অভিযোগ গঠনের দিন ধার্য থাকলেও আসামি পক্ষে সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে তা পিছিয়ে ৪ নভেম্বর ধার্য করা হয়েছে।
এ মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফম বাহউদ্দিন নাছিম পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ২১ সেপ্টেম্বর ধানমণ্ডি এলাকায় হরতালের সময় রাস্তায় গাড়ি ভাংচুর ও পুলিশের কাজে বাধা দেন আসামিরা।
ঘটনার দিনই ধানমণ্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) সাজেদুর রহমান মামলাটি দায়ের করেন। গত বছর ৭ জুলাই ধানমণ্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম মামলার অভিযোগপত্র দাখিল করেন।
পঙ্কজ দেবনাথ অবৈধ সম্পদ অর্জনের মামলায় ১৩ বছর সাজাপ্রাপ্ত। তার আইনজীবী তাপস কুমার পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পঙ্কজের বিরুদ্ধে আরও দুটির বেশি মামলা রয়েছে।
পঙ্কজকে ২০০৭ সালের ৪ ফেব্র"য়ারি গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৭২৫ ঘ.
bdnews24