ফরিদপুর, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নে সোমবার কৃষকরা চাহিদামত সার না পেয়ে ডিলারের দোকানে চড়াও হন। তারা একটি দোকানের কলাপসিবল গেট ভেঙে ফেলেন।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগে রোববার একই উপজেলার শেখর ইউনিয়নে চাহিদামত সার না পেয়ে ক্ষুব্ধ কৃষকরা সড়ক অবরোধ করেছিলেন।
সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত অবরোধ চলার সময় ভাটিয়াপাড়া-মাঝাকান্দি সড়কে যান চলাচল বন্ধ থাকে।
পরে স্থানীয় প্রশাসন কৃষকদের চাহিদামত সার সরবরাহের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
স্থানীয় কৃষক রশিদ মোল্লা জানান, সোমবার সকালে ইউনিয়নের ভাটদী ও চিতোর বাজারে সারের জন্য কয়েক হাজার কৃষক ডিলারের দোকানে ভিড় করেন। কিন্তু চাহিদামত সার না পেয়ে তারা ক্ষুব্ধ হয়ে দোকানে চড়াও হন।
ভাটদী বাজারের সারের সাব-ডিলার আব্দুল কুদ্দুস জানান, তার কাছে ১০ কেজি করে সারের জন্য কৃষকরা দাবি জানায়। তিনি পাঁচ কেজির বেশি দিতে অপারগতা জানালে ক্ষুব্ধ কৃষকরা তার দোকানের কলাপসিবল গেট ভেঙ্গে ফেলেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
একই অবস্থা হয় চিতোর বাজারের সার ডিলার আবুল কালামের দোকনে। সেখানেও কৃষকরা চাহিদামত সার না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়েছে।
দুপুরের পর ওই দুটি দোকান থেকে উপস্থিত কৃষকদের ১০ কেজি করে সার দেওয়া হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জোয়ার্দার জানান, সার না পেয়ে কৃষকরা হৈচৈ বাধিয়ে দিলে পুলিশ তাদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল হাসান জানান, কৃষকদের চাহিদামত সার দিতে না পারায় একটু সমস্যা হয়েছিল। পরে অবশ্য কৃষক প্রতি ১০ কেজি করে দেওয়া হয়েছে।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল আউয়াল জানান, তিনি বাইরে অন্য কর্মসূচিতে ব্যস্ত ছিলেন। তাই এরকম কোনো ঘটনা তার জানা নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৮ ঘ.
bdnews24