ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ খাতে বিনিয়োগের জন্য ৩৫ কোটি ডলার ঋণ প্রস্তাব নিয়ে মঙ্গলবার বিশ্ব ব্যাংকের সঙ্গে আলোচনায় বসছে বিদ্যুৎ বিভাগ।
বিদ্যুৎ সচিব এম ফাওজুল কবির খান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার আমরা বিশ্ব ব্যাংকের সঙ্গে আলোচনায় বসব। বেশ আগে থেকেই এ নিয়ে আলোচনা চলছিল। বিষয়টি মোটামুটি চূড়ান্ত হয়েই আছে।"
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠকে দুই পক্ষ একমত হলে প্রস্তাবটি অনুমোদনের জন্য বিশ্বব্যাংক সদর দপ্তরে পাঠানো হবে।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, বিশ্বব্যাংক থেকে এই ৩৫ কোটি ডলার পাওয়া গেলে সিদ্ধিরগঞ্জে ৩০০ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। বাখরাবাদ থেকে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের গ্যাসের পাইপ লাইন স্থাপন করা হবে। এছাড়া সিদ্ধিরগঞ্জ থেকে মানিকনগর গ্রিড সাব স্টেশন পর্যন্ত সঞ্চালন লাইন স্থাপন করা হবে।
নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, 'আইডিএ ক্রেডিট' হিসাবে ৪০ বছরের জন্য এ ঋণ চাওয়া হচ্ছে। প্রস্তাব অনুযায়ী চুক্তির প্রথম দশ বছরে ঋণের কোনও কিস্তি দিতে হবে না। কেবল সুদ পরিশোধ করলেই চলবে।
বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১২ বছরে বিশ্ব ব্যাংক পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিতরণ লাইন স্থাপনের কাজে ঋণ দিলেও কর্মকাণ্ডে স্বচ্ছতা না থাকার অভিযোগে উৎপাদন ও সঞ্চালন লাইন স্থাপনে বিদ্যুৎ বিভাগকে ঋণ দিতে রাজি হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এমএইচবি/১৯৪২ ঘ.
bdnews24