ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনিষ্পন্ন প্রায় তিন হাজার অভিযোগ ও মামলার বিষয়ে নতুনভাবে কার্যক্রম শুরু করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ লক্ষ্যে দুটি কমিটিও গঠন করা হয়েছে।
২৩ বছর ধরে ওইসব অভিযোগ ও মামলা অনুসন্ধান অথবা তদন্তের পর্যায়ে অনিষ্পন্ন অবস্থায় রয়ে গেছে। এর মধ্যে এক হাজার ৯'শ ১৪টি অভিযোগ অনুসন্ধান এবং এক হাজার ৪৯টি মামলা তদন্ত কাজ চলা অবস্থায় ছিল।
সোমবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল এ তথ্য জানান।
তিনি বলেন, "সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ১৯৮৯ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত মোট ১৯১৪ টি অভিযোগ অনুসন্ধানাধীন এবং ১৯৮৬ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ১০৪৯টি মামলা তদন্তাধীন অবস্থায় ছিল। এর মধ্যে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর ১৮০১টি এবং কমিশনের ১৩৬টি মামলা অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। "
হানিফ ইকবাল বলেন, "অনিষ্পন্ন এক হাজার ৪৯টি মামলার মধ্যে ব্যুরোর সময়ের ৯১৩টি এবং কমিশনের দায়ের করা ১৩৬টি মামলা রয়েছে।"
তিনি জানান, আইন অনুযায়ী ব্যুরোর কোনো অভিযোগ অনুসন্ধান, তদন্ত বা মামলা অনুমোদন নিষ্পত্তির অপেক্ষায় থাকলে সেসব নিষ্পত্তি করবে কমিশন। এর ভিত্তিতেই দুটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি অভিযোগ ও মামলার গুরুত্ব বিবেচনা করে তদন্ত কমর্কতা নিয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে। এরপর কমিশন আইনগত পদক্ষেপ নেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএইচবি/১৯২৩ ঘ.
bdnews24